ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

অস্টেলিয়ায় স্বপ্ন ছোঁয়ার প্রত্যয়ে বাংলাদেশ নারী ফুটবল দল

শিপন আহমদ, সিডনি (অস্ট্রেলিয়া)
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ০১:৫৪ পিএম
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি- সংগৃহীত

দীর্ঘ প্রস্তুতি, অসংখ্য ত্যাগ আর বুকভরা প্রত্যাশা নিয়ে এশিয়ার সর্বোচ্চ নারী ফুটবল আসর এএফসি মহিলা এশিয়ান কাপ ২০২৬ এর চূড়ান্ত পর্বে খেলতে সিডনিতে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। 

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে সিডনি আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পরই প্রবাসী বাংলাদেশিদের উচ্ছ্বাসে ভরে ওঠে পরিবেশ। প্রধান কোচ পিটার বাটলার এর অধীনে ২৬ জন খেলোয়াড়সহ ৩৩ সদস্যের দল এবার ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে এসেছে। 

২০২৪ সালের ১৫ মে এশিয়ান ফুটবল কনফেডারেশন অস্ট্রেলিয়াকে এবারের আসরের আয়োজক দেশ হিসেবে ঘোষণা করে। আগামী ১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত অস্টেলিয়ার, সিডনি, পার্থ গুল্ডকস্ট শহরে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। 

বিমানবন্দরে দলকে স্বাগত জানান বাংলাদেশ কনসুলেটের কনসাল মো. জাহাঙ্গীর আলম খান রানা। উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অস্ট্রেলিয়া প্রতিনিধি আব্দুল খান রতনসহ কমিউনিটির নেতৃবৃন্দ। এ সময় লাল-সবুজ পতাকা হাতে প্রবাসীদের উপস্থিতি উজ্জীবিত হন নারী খেলোয়াড়রা। 

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৬টায় নিউ সাউথ ওয়েলসের নির্ধারিত মাঠে অনুশীলনে নামবে বাংলাদেশ। তার আগে বুধবার বিকেল ৪টায় সিডনির ভ্যালেনটাইন স্পোর্টস পার্কে স্থানীয় একটি নারী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজরা।

গ্রুপ বি-তে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, কোরিয়া ও উজবেকিস্তান। আগামী ৩ মার্চ সন্ধ্যা ৭টায় ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে-এ চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের মিশন।

বাংলাদেশ নারী ফুটবলের সাম্প্রতিক সাফল্য এই অংশগ্রহণকে দিয়েছে বিশেষ তাৎপর্য। এবার লক্ষ্য শুধু অংশ গ্রহণ নয়, প্রতিযোগিতামূলক লড়াই উপহার দেওয়া। খেলোয়াড়দের আত্মবিশ্বাস এবং কোচিং পরিকল্পনায় দলটি নতুন সম্ভাবনার বার্তা দিচ্ছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অস্ট্রেলিয়া প্রতিনিধি আব্দুল খান রতন বলেন, এটি শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয় এটি মর্যাদার লড়াই। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ দলের উপস্থিতি আমাদের জন্য গর্বের। এখানে থেকে প্রতিটি বাংলাদেশি এই দলকে নিজের দল মনে করছেন। সিডনির আকাশে এখন উড়ে বেরাচ্ছে লাল-সবুজের প্রত্যাশা।