এশিয়ার সেরা আসরকে সামনে রেখে অস্ট্রেলিয়ার সিডনিতে কঠোর প্রস্তুতিতে দিন কাটাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে অংশ নিতে যাওয়া দলটির চোখ এখন নতুন ইতিহাস গড়ার দিকে।
নিউ সাউথ ওয়েলসের ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে প্রতিদিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত চলছে নিবিড় অনুশীলন। ভোরের হিমেল হাওয়ায় নিজেদের ঝালিয়ে নিচ্ছেন আফঈদা-মনিকা ও তাদের সতীর্থরা। পবিত্র রমজান মাস চলায় কয়েকজন খেলোয়াড় রোজা রেখেই অনুশীলনে অংশ নিচ্ছেন, যা দলটির মানসিক দৃঢ়তারই পরিচয় দেয়।
তবে দলের সঙ্গে নির্ধারিত ফিজিও না আসায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার সিডনি ও পার্থ থেকে দুইজন ফিজিওর সহযোগিতা নিশ্চিত করা হয়েছে। প্রধান কোচ পিটার জেমস বাটলার তাদের সঙ্গে আলোচনা করে একজনকে চূড়ান্তভাবে দায়িত্ব দেবেন বলে জানা গেছে।
জানা যায়, প্রস্তুতির অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি বিকেল ৪টায় ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে ‘ওয়ান্ডার্স নারী ফুটবল দল’-এর বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১ মার্চ থেকে শুরু হবে মূল আসরের লড়াই।
এই টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। ৩ মার্চ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে শক্তিশালী চীনের বিপক্ষে মাঠে নামবেন লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অস্ট্রেলিয়া প্রতিনিধি আব্দুল খান রতন প্রবাসী বাংলাদেশিদের মাঠে উপস্থিত থেকে দলকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘সিডনির মাটিতে বাংলাদেশের মেয়েদের স্বপ্ন ভালো খেলে দেশের নাম উজ্জ্বল করা। সেই লক্ষ্যে আমাদের মেয়েরা কঠোর পরিশ্রম করে যাচ্ছে। গ্যালারিতে সমর্থকদের উপস্থিতি খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে এবং ভালো ফল পেতে সহায়ক হবে।’

