ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্পেনের হয়ে খেলার প্রস্তাব পেয়েছিলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০১:৩৮ পিএম
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি এবং আর্জেন্টিনা—ফুটবল বিশ্বে এই দুটি নাম এখন অবিচ্ছেদ্য। কিন্তু আজ থেকে প্রায় দুই যুগ আগে চিত্রটা ভিন্ন হতে পারতো। বার্সেলোনার লা মাসিয়ায় বেড়ে ওঠা কিশোর মেসির সামনে সুযোগ ছিল স্পেনের জার্সি গায়ে জড়ানোর। 

সম্প্রতি ‘মিরো দে আত্রাস’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি নিজেই শোনালেন সেই সময়ের প্রলোভন আর নিজের দেশপ্রেমের এক আবেগঘন গল্প।

১৩ বছর বয়সে হরমোনজনিত সমস্যার চিকিৎসা ও উন্নত ভবিষ্যতের আশায় সপরিবারে স্পেন পাড়ি জমিয়েছিলেন মেসি। বার্সেলোনার যুব দলে থাকাকালীনই তার জাদুকরী ফুটবল প্রতিভা স্প্যানিশ ফুটবল ফেডারেশনের নজর কাড়ে। মেসি জানান, সে সময় তাকে স্পেনের বয়সভিত্তিক দলে খেলার জন্য প্রলুব্ধ করা হয়েছিল।

মেসি বলেন, আমি তখন বার্সেলোনায় খেলছিলাম, তাই তারা আমাকে স্পেন দলে খেলার ইঙ্গিত দিয়েছিল। অনেক তরুণ খেলোয়াড়ের ক্ষেত্রেই এমনটা ঘটে, তাই বিষয়টা স্বাভাবিক ছিল।

কিন্তু মনে-প্রাণে আর্জেন্টাইন মেসি তখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেননি। আর এই দ্বিধার কারণেই তিনি ২০০৩ সালের অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নিতে পারেননি।

২০০৩ সালের সেই বিশ্বকাপে সেমিফাইনালে স্পেনের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে মেসির তৎকালীন সতীর্থ সেস ফাব্রেগাস জোড়া গোল করে আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে হারিয়ে দেন। 

মেসি স্মৃতিচারণ করে বলেন, ফাব্রেগাস তখন আর্সেনালে খেলছিল এবং আমাদের বিপক্ষে জোড়া গোল করেছিল। এরপরই সবাই আমাকে সরাসরি জিজ্ঞেস করতে শুরু করে, কেন আমি স্পেনের হয়ে খেলছি না।

স্পেনের হয়ে খেলার সুযোগ আর সাফল্য পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকলেও মেসির লক্ষ্য ছিল স্থির। বার্সেলোনায় প্রায় সব বয়সভিত্তিক ধাপে খেললেও তার হৃদয়ে ছিল জন্মভূমি আর্জেন্টিনা।

লিও বলেন, সুযোগটা ছিল এবং সেটা হতেও পারতো। কিন্তু আমার সবসময়ের আকাঙ্ক্ষা ছিল আর্জেন্টিনার হয়ে খেলার।

অবশেষে ২০০৪ সালে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের হয়ে অভিষেক ঘটে তার। এরপর ২০০৫ সালের যুব বিশ্বকাপ জয় এবং ২০০৮ সালের অলিম্পিক সোনা—সাফল্যের যাত্রা শুরু হয় ওখানেই।

দীর্ঘদিন জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপার আক্ষেপ থাকলেও ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে সেই খরা কাটে মেসির। এরপর ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে বিশ্বসেরার মুকুট এনে দিয়ে তিনি পূর্ণ করেন তার ফুটবল ক্যারিয়ারের বৃত্ত। ২০২৪ সালেও ধরে রাখেন কোপা আমেরিকার শ্রেষ্ঠত্ব।

৩৮ বছর বয়সে এসেও মেসি থামছেন না। সামনেই অপেক্ষা করছে ২০২৬ বিশ্বকাপের চ্যালেঞ্জ। তবে তার আগে আগামী মাসে স্পেনের বিপক্ষে ‘ফিনালিস্সিমা’ ট্রফি জয়ের লড়াইয়ে নামবেন এই ফুটবল মহাতারকা।