ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মেসির নাম ভাঙিয়ে চড়া দামে টিকিট বিক্রি, তারপর যা ঘটল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৬:৫২ পিএম
লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি মানেই ফুটবল বিশ্বে এক মহাবিস্ময়, যার উপস্থিতি যেকোনো স্টেডিয়ামকে মুহূর্তে উৎসবের কেন্দ্রে পরিণত করে। কিন্তু ইন্টার মিয়ামির এই মহাতারকা মাঠে না থাকলে যে আয়োজকদের বড় ধরনের আইনি ও আর্থিক গ্যাঁড়াকলে পড়তে হতে পারে, তার এক বিরল দৃষ্টান্ত তৈরি হলো উত্তর আমেরিকার মেজর লিগ সকারে (এমএলএস)। 

২০২৪ সালের মে মাসে একটি ম্যাচে মেসির অনুপস্থিতিকে কেন্দ্র করে দায়ের করা এক ক্লাস-অ্যাকশন মামলার নিষ্পত্তিতে প্রায় ৩ লক্ষ ৪৭ হাজার মার্কিন ডলার (৪ লক্ষ ৭৫ হাজার কানাডিয়ান ডলার) জরিমানা দিতে সম্মত হয়েছে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এবং এমএলএস কর্তৃপক্ষ।

ঘটনাটি মূলত ২০২৪ সালের মে মাসের। এমএলএস-এর নিয়মিত মৌসুমের ১৫তম ম্যাচে ইন্টার মিয়ামির মুখোমুখি হওয়ার কথা ছিল কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের। 

ম্যাচটিকে ঘিরে ফুটবল প্রেমীদের মাঝে ছিল উন্মাদনা। কারণ, মিয়ামির জার্সিতে প্রথমবারের মতো ভ্যাঙ্কুভারে খেলতে আসার কথা ছিল লিওনেল মেসির। তার সাথে লুইস সুয়ারেজ এবং সার্জিও বুসকেটসের মতো বিশ্বখ্যাত তারকাদের উপস্থিতি নিয়ে বড় ধরনের প্রচারণা চালায় আয়োজকরা।

ম্যাচটির আগে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এবং এমএলএস কর্তৃপক্ষ মেসি-সুয়ারেজ-বুসকেটস ত্রয়ীকে বিজ্ঞাপনের প্রধান মুখ হিসেবে ব্যবহার করে ব্যাপক প্রচার-প্রচারণা চালায়। 

এই তারকাদের নাম ভাঙিয়ে টিকিটের দাম বাড়ানো হয় কয়েক গুণ। ‘দ্য অ্যাথলেটিক’-এর তথ্যমতে, অনেক সাধারণ সমর্থক প্রতিটি টিকিটের জন্য ৩৩৫ মার্কিন ডলার পর্যন্ত খরচ করেছিলেন শুধুমাত্র মেসিকে একবার চোখের দেখা দেখবেন বলে।

তবে ম্যাচের ঠিক আগমুহূর্তে বড় ধাক্কা আসে সমর্থকদের জন্য। ইন্টার মিয়ামির তৎকালীন কোচ সিদ্ধান্ত নেন, মেসি ও তার সতীর্থদের বিশ্রামের প্রয়োজন এবং তারা ভ্যাঙ্কুভারে ভ্রমণের জন্য বিমানেই ওঠেননি। 

এই খবর জানাজানি হতেই হতাশায় ভেঙে পড়েন হাজার হাজার সমর্থক। পরিস্থিতি সামাল দিতে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস কর্তৃপক্ষ স্টেডিয়ামে খাবার ও পানীয়ের ওপর ৫০ শতাংশ ছাড় এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য বিনামূল্যে খাবারের ঘোষণা দিলেও সমর্থকদের ক্ষোভ কমেনি।

বিপুল অর্থ খরচ করেও প্রিয় তারকাকে দেখতে না পেয়ে প্রতারিত বোধ করেন সমর্থকরা। এর প্রেক্ষিতে ক্লাব ও লিগ কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি ক্লাস-অ্যাকশন মামলা দায়ের করা হয়। 

মামলার অভিযোগে বলা হয়, আয়োজকরা মেসিদের খেলার কথা বলে বিভ্রান্তিকর প্রচারণা চালিয়েছেন। যদিও ক্লাব ও এমএলএস কর্তৃপক্ষ কোনো ধরনের ভুল স্বীকার করেনি এবং তাদের দাবি ছিল—কোন খেলোয়াড় খেলবেন তার ওপর তাদের নিয়ন্ত্রণ নেই, তবুও দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের হস্তক্ষেপে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছায় দুই পক্ষ।

ব্রিটিশ কলম্বিয়া সুপ্রিম কোর্টের অনুমোদিত এই সমঝোতা অনুযায়ী, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস এবং এমএলএস কর্তৃপক্ষ যৌথভাবে প্রায় ৩ লক্ষ ৪৭ হাজার মার্কিন ডলার জরিমানা হিসেবে প্রদান করবে। 

তবে এই অর্থ সরাসরি কোনো সমর্থকের পকেটে যাচ্ছে না। আদালতের নির্দেশে এই বিশাল পরিমাণ অর্থ শিশুদের ক্রীড়া উন্নয়নে নিয়োজিত তিনটি দাতব্য সংস্থায়—কিডস্পোর্ট বিসি, কানাডা স্কোরস এবং বিজিজি সাউথ কোস্ট বিসি-তে দান করা হবে।