ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যুক্তরাষ্ট্রের মাটিতে গিয়ে বিশ্বকাপ খেলবে কি ইরান?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৮:২২ পিএম
ইরান ফুটবল দল। ছবি : সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে টুর্নামেন্টে ইরানের অংশগ্রহণ নিয়ে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপে ইরান অংশ নেবে কি না, তা নিয়ে সরাসরি অনীহা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

সম্প্রতি ‘পলিটিকো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি সত্যিই পরোয়া করি না। আমার মনে হয় ইরান এখন একটি অত্যন্ত শোচনীয়ভাবে পরাজিত দেশ। তারা এখন কোনোমতে টিকে আছে।

গত শনিবার থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর এই অঞ্চলে সংঘাত আরও ছড়িয়ে পড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে ফুটবল মাঠেও।

চলতি সপ্তাহে আটলান্টায় ফিফা আয়োজিত বিশ্বকাপ অংশগ্রহণকারী দেশগুলোর গুরুত্বপূর্ণ পরিকল্পনা সম্মেলনে ইরানই ছিল একমাত্র অনুপস্থিত দেশ। এর ফলে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত মার্কিন মাটিতে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টে ইরানি দলের অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দিয়েছে।

সূচি অনুযায়ী জানা যায়, তারা গ্রুপ ‘জি’-তে বেলজিয়াম, মিসর এবং নিউজিল্যান্ডের মুখোমুখি হবে। তাদের ম্যাচগুলো যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস এবং সিয়াটলে হওয়ার কথা রয়েছে। এমনকি গ্রুপ পর্বের ফলাফল অনুযায়ী, আগামী ৩ জুলাই টেক্সাসের ডালাসে শেষ-৩২ রাউন্ডের ম্যাচে যুক্তরাষ্ট্র ও ইরান মুখোমুখি হওয়ার একটি গাণিতিক সম্ভাবনাও রয়েছে।

তবে মাঠের লড়াইয়ের চেয়ে এখন রাজনৈতিক লড়াই বড় হয়ে দাঁড়িয়েছে। গত জুন মাসে ট্রাম্পের জারি করা কঠোর ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় থাকা দেশগুলোর মধ্যে ইরান অন্যতম।

যদিও ফুটবলার এবং কোচিং স্টাফদের জন্য বিশেষ ছাড়ের কথা বলা হয়েছে, কিন্তু সরকারি কর্মকর্তা বা স্পন্সর প্রতিষ্ঠানের প্রতিনিধিদের ভিসার বিষয়টি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মর্জির ওপর ছেড়ে দেওয়া হয়েছে।

হোয়াইট হাউস ফিফা বিশ্বকাপ টাস্ক ফোর্সের পরিচালক অ্যান্ড্রু জিউলিয়ানি এক বিবৃতিতে জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সাহসী পদক্ষেপ বিশ্বের অন্যতম প্রধান অস্থিতিশীল শক্তিকে নির্মূল করেছে, যা ২০২৬ বিশ্বকাপে আগত কোটি কোটি ফুটবল ভক্তের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।

এদিকে, ইরানি ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট মেহেদি তাজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই হামলাকে ‘নিষ্ঠুর’ বলে অভিহিত করেছেন।