ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মারাত্মক চোটে সৌদি ছাড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৫:২০ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি : সংগৃহীত

সৌদি প্রো লিগে আল ফায়হার বিপক্ষে গত শনিবারের ম্যাচে আল নাসরের ৩-১ গোলের জয়ের আনন্দ ম্লান হয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোর চোটে। ম্যাচের ৮১ মিনিটে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়ার পর ডাগআউটে বসে ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে আইসপ্যাক লাগাতে দেখা যায় তাকে। 

প্রাথমিকভাবে বিষয়টি সাধারণ মনে হলেও গত মঙ্গলবার আল নাসর আনুষ্ঠানিকভাবে জানায়, হ্যামস্ট্রিংয়ের চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন এই পর্তুগিজ তারকা। তবে তখন তার সেরে ওঠার সুনির্দিষ্ট কোনো সময় জানানো হয়নি।

ঘটনা নতুন মোড় নেয় গতকাল ৬ মার্চ, যখন আল নাসর কোচ জর্জ জেসুস রোনালদোর চোট নিয়ে আরও শঙ্কার খবর জানান। 

আজ শনিবার রাতে নিওমের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে জেসুস বলেন, রোনালদোর চোট প্রথমে যতটা হালকা ভাবা হয়েছিল, আসলে তা নয়। কোচের ভাষায়, এই চোট অনেকটা ‘মারাত্মক’। 

জেসুস জানান, পরীক্ষার পর তারা বুঝতে পেরেছেন রোনালদোর পূর্ণ বিশ্রাম ও বিশেষ চিকিৎসার প্রয়োজন। এজন্য রোনালদো বর্তমানে সৌদি আরব ছেড়ে স্পেনে গেছেন এবং মাদ্রিদে তার ব্যক্তিগত ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে চিকিৎসা নেবেন।

রোনালদোর এই অনুপস্থিতি আল নাসরের জন্য বড় এক ধাক্কা। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে ২১ গোল করে দলের সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন তিনি। আজ রাতের ম্যাচ ছাড়াও আগামী ১৪ মার্চের ম্যাচেও রোনালদো খেলতে পারবেন না বলে নিশ্চিত করেছেন জেসুস। 

এমনকি এরপরের ম্যাচগুলোতেও তাকে কবে নাগাদ পাওয়া যাবে, সে বিষয়ে কোনো নিশ্চয়তা মেলেনি। এবারের মৌসুমে এই প্রথম চোটের কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে ৪১ বছর বয়সী এই মহাতারকাকে।