দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ঘরের মাঠ স্পটিফাই ক্যাম্প ন্যু-তে ফেরার প্রক্রিয়ায় বড় এক ধাপ এগিয়ে গেল এফসি বার্সেলোনা। আগামী ১৫ মার্চ, রবিবার সেভিয়ার বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচকে সামনে রেখে স্টেডিয়ামটির নর্থ স্ট্যান্ড বা 'গোল নর্ড'-এর প্রথম ও দ্বিতীয় স্তর খুলে দেওয়ার সবুজ সংকেত দিয়েছে বার্সেলোনা সিটি কাউন্সিল।
বার্সেলোনা সিটি কাউন্সিলের পক্ষ থেকে ক্লাবের অনুকূলে ‘লাইসেন্স ১সি’ মঞ্জুর করা হয়েছে। এই বিশেষ অনুমতির ফলে সংস্কারাধীন স্টেডিয়ামটির বর্তমান দর্শক ধারণক্ষমতা এক লাফে বেড়ে দাঁড়াচ্ছে ৬২,৬৫৭ আসনে।
নর্থ স্ট্যান্ডের গ্যালারি খুলে যাওয়ায় এখন থেকে আরও বেশি সংখ্যক সমর্থক গ্যালারিতে বসে সরাসরি খেলা উপভোগ করার সুযোগ পাবেন।
নর্থ স্ট্যান্ড উন্মুক্ত করার এই সিদ্ধান্তে ক্লাবের প্রাণ হিসেবে পরিচিত 'সাপোর্টার্স সেকশন'-এর কার্যক্রম শুরু করার পথও প্রশস্ত হয়েছে। তবে এই জোনে টিকিটের বরাদ্দ নিয়ে কিছুটা প্রশাসনিক জটিলতা দেখা দিয়েছে।
বর্তমানে ওই সেকশনে আসন সংখ্যা রয়েছে ১৪,০০০টি, অথচ সিজন টিকিটের জন্য সমর্থকদের কাছ থেকে আবেদন জমা পড়েছে প্রায় ১৪,৫০০টি। ধারণক্ষমতার চেয়ে ৫০০ জন বেশি আবেদনকারী থাকায় ক্লাব কর্তৃপক্ষকে এখন ড্র বা অন্য কোনো প্রক্রিয়ায় এই সংকটের সমাধান করতে হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন