ইউরোপীয় ফুটবলে আবারও নিজেদের হারানো আধিপত্য ফিরে পেতে মরিয়া বার্সেলোনা। আগামী মৌসুমকে সামনে রেখে কোচ হান্সি ফ্লিকের প্রধান লক্ষ্য কেবল ঘরোয়া লিগ নয়, বরং চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি পুনরুদ্ধার করা।
কাতালান ক্লাবটির জন্য এই শিরোপা এখন অনেকটা ‘পাখির চোখ’ হয়ে দাঁড়িয়েছে। আর এই লক্ষ্য পূরণে আক্রমণভাগকে আরও শক্তিশালী করতে চেলসির পর্তুগিজ উইঙ্গার পেদ্রো নেতোর ওপর নজর দিয়েছে বার্সা।
বেইন স্পোর্টসের প্রতিবেদনে জানা যায়, ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরেট ইতিমধ্যে লল্ডনের এই ক্লাবের সঙ্গে প্রাথমিক যোগাযোগ শুরু করেছে। পর্তুগিজ এই উইঙ্গার মাঠের দুই প্রান্তেই সমান দক্ষতায় খেলতে পারেন, এমনকি প্রয়োজনে সেন্ট্রাল ফরোয়ার্ডের পেছনেও অপারেট করতে সক্ষম।
তার গতি এবং রক্ষণভাগ চিরে বেরিয়ে যাওয়ার ক্ষমতা বার্সার বর্তমান দুই উইঙ্গার লামিন ইয়ামাল এবং রাফিনিয়ার কৌশলের সঙ্গে দারুণভাবে মানাবে বলে মনে করছেন কোচ ফ্লিক।
আরও জানা যায়, এই দলবদল প্রক্রিয়াটি বার্সেলোনার জন্য মোটেও সহজ হবে না। বর্তমানে চেলসির সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী চুক্তিতে রয়েছেন নেতো। বাজারে তার বর্তমান মূল্য প্রায় ৬০ মিলিয়ন ইউরো।
বার্সেলোনার বর্তমান নাজুক আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করলে, এই বিশাল অঙ্কের অর্থ বিনিয়োগ করা ক্লাবের জন্য বেশ বড় একটি চ্যালেঞ্জ হতে পারে।
এই ট্রান্সফারের ভাগ্য অনেকটা নির্ভর করছে ক্লাবের আসন্ন প্রেসিডেন্সি নির্বাচনের ফলাফলের ওপর। সদ্য পদত্যাগকৃত সভাপতি হুয়ান লাপোর্তা যদি ক্ষমতায় থাকেন, তবে বড় বিনিয়োগ করে নেতোকে আনার সম্ভাবনা প্রবল।
অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী ভিক্টর ফন্ট সবসময় মিতব্যয়ী বা কৃচ্ছ্রসাধনের পক্ষে কথা বলে আসছেন, যা এই ধরনের বড় চুক্তির ক্ষেত্রে বাধা হতে পারে।
বর্তমানে চেলসির কোচ লিয়াম রোজেনিয়ারের অধীনে নেতো অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ৯৩ ম্যাচে ১৯টি গোল এবং ১৫টি অ্যাসিস্ট করেছেন তিনি।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন