বর্তমানে ফুটবল মাঠে অন্যতম সেরা সময় পার করছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড জুলিয়ান আলভারেজ। কাতার বিশ্বকাপজয়ী এই তারকার দুর্দান্ত পারফরম্যান্স স্বাভাবিকভাবেই নজর কেড়েছে ইউরোপের বড় ক্লাবগুলোর।
বিশেষ করে স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনা তাকে দলে ভেড়াতে আগ্রহ দেখাচ্ছে। তবে ‘লা আরাণিয়া’ খ্যাত এই ফুটবলার নিজের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক ইঙ্গিত দেওয়ায় স্বস্তিতে রয়েছে তার বর্তমান ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ।
পরিসংখ্যানের দিকে তাকালে আলভারেজকে নিয়ে ক্লাবগুলোর কাড়াকাড়ির কারণ স্পষ্ট। গত দুই মৌসুমে ৯৮ ম্যাচে ৪৫টি গোল করেছেন তিনি। চলতি চ্যাম্পিয়নস লিগেও তার ফর্ম অবিশ্বাস্য।
মাত্র ১০ ম্যাচে ইতোমধ্যে ৭টি গোল করেছেন তিনি, যা গত বছরের রেকর্ডকে ছাড়িয়ে যাওয়ার পথে। শুধু গোল করাই নয়, মাঝমাঠ থেকে আক্রমণ তৈরিতেও তিনি সমান পারদর্শী। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে তার ৭টি অ্যাসিস্ট এবং ১০টি ‘কি পাস’ সবার নজর কেড়েছে।
অ্যাটলেটিকো মাদ্রিদের জয় পরাজয়ে আলভারেজের গোলের প্রভাব অত্যন্ত জোরালো। পরিসংখ্যানে দেখা গেছে, যে ম্যাচগুলোতে আলভারেজ গোল করেছেন, তার মধ্যে ১৪টি ম্যাচেই জয় পেয়েছে মাদ্রিদের ক্লাবটি। বিপরীতে ড্র হয়েছে মাত্র একটি ম্যাচ এবং হার দেখতে হয়েছে মাত্র একটিতে।
এদিকে বার্সেলোনার পক্ষ থেকে আলভারেজকে দলে নেওয়ার গুঞ্জন বেশ জোরালো। রবার্ট লেভানডভস্কির সম্ভাব্য বিদায়ের কথা মাথায় রেখে কাতালান ক্লাবটি একজন নির্ভরযোগ্য স্ট্রাইকার খুঁজছে এবং তাদের তালিকার শীর্ষে রয়েছেন আলভারেজ।
তবে টটেনহ্যামের বিপক্ষে ম্যাচের পর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করা হলে আলভারেজ সাফ জানিয়ে দেন, তিনি মাদ্রিদে অত্যন্ত সুখী। তার এই বক্তব্য আপাতত বার্সেলোনায় যোগ দেওয়ার গুঞ্জনে জল ঢেলে দিয়েছে।
এদিকে, অ্যাটলেটিকো মাদ্রিদ কর্তৃপক্ষও তাদের এই মূল্যবান সম্পদকে হাতছাড়া করতে নারাজ। ২০৩০ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ আলভারেজের রিলিজ ক্লজ ধরা হয়েছে ৫০০ মিলিয়ন ইউরো।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন