চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বার্সেলোনার বিদায়টা বিষাদময় হলেও, ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন ১৮ বছর বয়সী তরুণ তুর্কি লামিন ইয়ামাল।
অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে হার না মানা লড়াই আর মাঠের ভেতরের অদম্য মানসিকতা দেখে মুগ্ধ হয়েছেন আর্সেনাল ও বার্সেলোনা কিংবদন্তি থিয়েরি অঁরি। ইয়ামালের এই নির্ভীক মনোভাবের মাঝে তরুণ ক্রিশ্চিয়ানো রোনালদোর ছায়া দেখছেন তিনি।
মেত্রোপলিতানো স্টেডিয়ামে দ্বিতীয় লেগের লড়াইয়ে নামার আগে দুই গোলের ব্যবধানে পিছিয়ে ছিল বার্সেলোনা। পাহাড়সম চাপ মাথায় নিয়েও ম্যাচ শুরুর আগে ইয়ামাল প্রতিশ্রুতি দিয়েছিলেন দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার।
মাঠের লড়াই শুরু হতেই দেখা যায় সেই প্রতিশ্রুতির প্রতিফলন। ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় অসাধারণ এক গোল করে বার্সাকে ম্যাচে ফেরান এই নাম্বার টেন। যদিও শেষ পর্যন্ত আদেমোলা লুকমানের গোল এবং এরিক গার্সিয়ার লাল কার্ডে ৩-২ এগ্রিগেটে বিদায় নিতে হয় কাতালানদের।
ইয়ামালের এই পারফরম্যান্স বিশ্লেষণ করতে গিয়ে সিবিএস স্পোর্টসের স্টুডিওতে থিয়েরি অঁরি বলেন, তরুণ বয়সের ক্রিশ্চিয়ানো রোনালদো ঠিক এই কাজটিই করতেন।
তিনি সাক্ষাৎকারে সাহসের সাথে কথা বলতেন এবং মাঠে নেমে সেটা প্রমাণ করে ছাড়তেন। ইয়ামাল বলেছিল সে একাই বার্সেলোনাকে টেনে নেবে, আর ম্যাচের শুরুতেই সে গোল করে তা দেখিয়েছে। তবে গোল করার চেয়েও তার নির্ভীকতা আমাকে বেশি মুগ্ধ করেছে।
অঁরি আরও বলেন, ইয়ামাল বয়সের তুলনায় অনেক বেশি পরিপক্ক এবং সৃজনশীল। তিনি মনে করেন, বড় মঞ্চে বল ডিমান্ড করা এবং প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে মেলে ধরার যে ক্ষমতা ইয়ামাল দেখাচ্ছেন, তা সাধারণত বিশ্বসেরা আইকনদের মাঝেই দেখা যায়।
অঁরি আরও যোগ করে বলেন, লিওনেল মেসির প্রতিভা অতুলনীয় হলেও, ইয়ামালের এই সাহসী আত্মবিশ্বাস সম্পূর্ণ অনন্য এবং রোমাঞ্চকর।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন