লিভারপুলের জার্সিতে সোনালী এক অধ্যায়ের সমাপ্তি টানতে যাচ্ছেন মোহাম্মদ সালাহ। অ্যানফিল্ডে নিজের শেষ তিনটি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছেন এই মিশরীয় কিংবদন্তি। মৌসুম শেষ হতে আর মাত্র এক মাস বাকি থাকতেই অলরেড শিবির ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
ঘরের মাঠে নিজের শেষ সময়টুকু স্মরণীয় করে রাখতে সালাহ এখন মুখিয়ে আছেন ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জ্বলে উঠতে।
লিভারপুলের আক্রমণভাগ বর্তমানে ইনজুরি সমস্যায় জর্জরিত। গত মৌসুমে প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড খরচ করে হুগো একিটিকে এবং আলেকজান্ডার ইসাককে দলে ভিড়িয়েছিল ক্লাবটি। কিন্তু চোটের কারণে তারা দলের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন।
একিটিকে এই মৌসুমে ১৭টি গোল করলেও হাঁটুতে গুরুতর চোটের কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন। অন্যদিকে, ইসাকও দীর্ঘ সময় ইনজুরিতে কাটিয়ে এখন পর্যন্ত পুরোপুরি ফিট হতে পারেননি। ফলে কোচ আর্নে স্লটের আক্রমণভাগে অভিজ্ঞ সালাহই এখন প্রধান তুরুপের তাস।
প্যালেস বর্তমানে কনফারেন্স লিগের সেমিফাইনালে শাখতার দোনেৎস্কের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছে। লিভারপুলের বিপক্ষে ম্যাচের মাত্র পাঁচ দিন পরই তাদের সেই গুরুত্বপূর্ণ লড়াই।
ক্লাব ইতিহাসের প্রথম বড় কোনো ইউরোপীয় ট্রফি জেতার স্বপ্নে বিভোর অলিভার গ্লাজনারের দল এই ম্যাচে মূল খেলোয়াড়দের বিশ্রামে রাখতে পারে। প্রতিপক্ষের এই ‘মনোযোগহীন’ অবস্থার পূর্ণ সুযোগ নিতে পারেন সালাহ।
পরিসংখ্যানও কথা বলছে সালাহ’র পক্ষে। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১৭ ম্যাচে ৯টি গোল করার পাশাপাশি ১৪টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি। সাম্প্রতিক সময়েও দারুণ ফর্মে আছেন এই ফরোয়ার্ড।
মার্সিসাইড ডার্বিতে গোল করার পাশাপাশি লিভারপুলের শেষ দুটি ম্যাচেই জালের দেখা পেয়েছেন তিনি। এই মৌসুমে এখন পর্যন্ত ২১টি ম্যাচে মাঠে নেমে ৭টি গোল এবং ১৩টি গোলে অবদান রেখেছেন তিনি।
লিভারপুলের হয়ে ৩১২টি প্রিমিয়ার লিগ ম্যাচে ১৯১টি গোল করা সালাহ ইতোমধ্যে ক্লাবের কিংবদন্তিদের তালিকায় জায়গা করে নিয়েছেন। ৪ বার গোল্ডেন বুট জিতে তিনি স্পর্শ করেছেন আর্সেনাল লিজেন্ড থিয়েরি অরির রেকর্ড।
২০১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে রোমার বিপক্ষে সেই একক প্রচেষ্টার গোল কিংবা ২০১৯ সালের ফাইনালে টটেনহ্যামের বিপক্ষে করা পেনাল্টি—সবই এখন লিভারপুল সমর্থকদের স্মৃতিতে অমলিন।


