স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় আগামী দলবদল মৌসুমে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবলারের ক্লাব ছাড়ার গুঞ্জনের মাঝেই এবার নতুন করে আলোচনায় উঠে এসেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়ার নাম। সৌদি প্রো লিগের একাধিক ক্লাব তাকে দলে ভেড়াতে কোমর বেঁধে নামছে বলে জানা গেছে।
২০২৫-২৬ মৌসুমটি রাফিনিয়ার জন্য বেশ চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে কাটছে। চোটের কারণে মৌসুমের বেশ কিছু সময় তাকে মাঠের বাইরে কাটাতে হয়েছে। তবে মাঠে ফিরলেই তিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন।
কোচ হানসি ফ্লিকের কৌশলে রাফিনিয়া এখন দলের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। পরিসংখ্যান বলছে, ব্রাজিলিয়ান এই উইঙ্গার যখন দলে থাকেন না, তখন বার্সেলোনার আক্রমণভাগ খেই হারিয়ে ফেলে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র প্রতিবেদন অনুযায়ী, আগামী গ্রীষ্মকালীন দলবদলেই রাফিনিয়ার সৌদি আরবে পাড়ি জমানোর সম্ভাবনা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যের দেশটির অন্তত তিনটি নামী ক্লাব তাকে পাওয়ার দৌড়ে রয়েছে।
যদিও এখনো রাফিনিয়ার এজেন্টের সাথে আনুষ্ঠানিক কোনো আলোচনা শুরু হয়নি, তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দলবদলের প্রক্রিয়া নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হতে পারে।
সৌদি প্রো লিগের এই আগ্রহের পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। মূলত চলতি মৌসুম শেষে সৌদি আরবের বড় বড় ক্লাবগুলো থেকে বেশ কিছু হাই-প্রোফাইল খেলোয়াড়ের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে।
তাদের শূন্যস্থান পূরণ করতে সমপর্যায়ের বা তার চেয়েও বড় মাপের তারকা খুঁজছে তারা। রাফিনিয়াকে তারা দীর্ঘ দিন ধরে পর্যবেক্ষণ করছে এবং তাদের পরিকল্পনার শীর্ষ তালিকায় রয়েছেন এই বার্সা তারকা।
এদিকে বার্সেলোনা কর্তৃপক্ষ রাফিনিয়াকে এখনই ছাড়তে ইচ্ছুক নয়। ক্লাবের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, রাফিনিয়ার সাথে একটি মৌখিক সমঝোতা রয়েছে যে তিনি যখন যেতে চাইবেন তখনই তাকে অনুমতি দেওয়া হবে।


