দীর্ঘ নয় বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টেনে আগামী গ্রীষ্মেই অ্যানফিল্ড ছাড়ছেন লিভারপুলের ‘মিশরীয় রাজা’ মোহাম্মদ সালাহ। চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি থাকলেও নিজের শর্তে এবং মাথা উঁচু করে বিদায় নিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর এই কঠিন সিদ্ধান্তে তাকে সাহস যুগিয়েছেন ক্লাবের আরেক কিংবদন্তি স্টিভেন জেরার্ড।
সম্প্রতি টিএনটি স্পোর্টসে জেরার্ডের সঙ্গে এক সাক্ষাৎকারে সালাহ নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত জানুয়ারিতে জেরার্ড তার বাসায় গিয়ে দেখা করেছিলেন। সেই একান্ত আলাপচারিতায় জেরার্ড তাকে পরামর্শ দিয়েছিলেন যেন তিনি ক্লাব ছাড়ার সিদ্ধান্তটি নিজের নিয়ন্ত্রণে রাখেন এবং ‘বড় দরজা’ দিয়ে বীরের বেশে বিদায় নেন।
সালাহ বলেন, আমি খুশি যে আমি এখন নিজের শর্তে বিদায় নিচ্ছি। এই মৌসুমে যা যা ঘটেছে, সব মিলিয়ে আমার মনে হয়েছে—এটাই চলে যাওয়ার সঠিক সময়।
বর্তমানে ৩৪ ছুঁইছুঁই এই উইঙ্গার পেশির ইনজুরির কারণে মাঠের বাইরে রয়েছেন। তবে তিনি আশাবাদী যে মৌসুম শেষ হওয়ার আগেই ফিরবেন। আগামী ২৪ মে ব্রেন্টফোর্ডের বিপক্ষে লিভারপুলের জার্সিতে নিজের শেষ ম্যাচটি খেলার লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি।
নিজের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে সালাহ বলেন, আমি রাতারাতি বুড়ো হয়ে যাইনি। শারীরিকভাবে আমি এখনও বেশ ফিট অনুভব করছি এবং শীর্ষ পর্যায়ে খেলার অনেক কিছু এখনও আমার মাঝে বাকি আছে।
চলতি মৌসুমটি সালাহর জন্য বেশ উত্থান-পতনের ছিল। গত মৌসুমে ৩৪ গোল করে পিএফএ বর্ষসেরা খেলোয়াড় হলেও, এই মৌসুমে এখন পর্যন্ত গোল পেয়েছেন ১২টি। এছাড়া কোচ আর্নে স্লটের অধীনে শুরুর দিকে একাদশে জায়গা হারানো এবং ক্লাবের সাথে অভ্যন্তরীণ কিছু বিষয়ে টানাপোড়েন তৈরি হয়েছিল।
এক পর্যায়ে লিভারপুল কর্তৃপক্ষের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেছিলেন, তাকে ‘বাসের নিচে ফেলে দেওয়া হয়েছে’। তবে সেই তিক্ততা কাটিয়ে এখন বিদায়বেলায় নিজেকে শান্ত রাখছেন তিনি।
সালাহর পরবর্তী গন্তব্য কোথায় হবে, তা নিয়ে এখনও চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি। তবে তিনি জানিয়েছেন, তার হাতে বেশ কয়েকটি ভালো বিকল্প রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন