ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

বিশ্বকাপে নেইমারকে দেখতে চান মেসি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৮:২১ এএম
লিওনেল মেসি ও নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

লিওনেল মেসি মনে করেন, নেইমার বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। তাই ব্রাজিলের জার্সিতে আগামী বিশ্বকাপে তাকে দেখতে চান আর্জেন্টাইন মহাতারকা।

সাম্প্রতিক সময়ে একের পর এক চোটে জর্জরিত নেইমার মাঠে ফিরলেও এখনো পুরোপুরি ছন্দে ফিরতে পারেননি। নতুন কোচ কারলোর অধীনে ব্রাজিল দলে তার জায়গা পাওয়া নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

এমন পরিস্থিতিতে ‘লো দেল পোলো’ অনুষ্ঠানে পোলো আলভারেজকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেন, আমরা চাই বিশ্বকাপে সেরা খেলোয়াড়রাই অংশ নিক। নেইমারের বর্তমান ফর্ম যেমনই হোক না কেন, সে সবসময়ই সেরাদের একজন।

মেসি আরও বলেন, ব্রাজিল এবং ফুটবলের জন্য নেইমারের গুরুত্ব অনেক বেশি। তাকে বিশ্বকাপে দেখতে পারাটা দারুণ হবে। আমি আশা করি সে সেখানে থাকবে। আমার মতে, নেইমারের সবসময়ই বিশ্বকাপে থাকা উচিত।

দীর্ঘদিনের বন্ধুত্বের কারণেও নেইমারের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মেসি। ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড যেন আবার নিজের সেরা ছন্দে ফিরতে পারেন, সেই প্রত্যাশাই করেছেন তিনি।

মেসি বলেন, নেইমার আমার বন্ধু। অবশ্যই আমি চাই সে বিশ্বকাপে থাকুক, তার সঙ্গে ভালো কিছু ঘটুক। কারণ সে যেমন মানুষ, তাতে এটা তার প্রাপ্য।

বর্তমানে মেসির বয়স ৩৮, আর নেইমারের ৩৪। বার্সেলোনায় চার মৌসুম একসঙ্গে খেলেছেন তারা। পরে পিএসজি এও দুই মৌসুম সতীর্থ ছিলেন।

২০২৩ সালে পিএসজি ছাড়ার পর মেসি যোগ দেন ইন্টার মিয়ামিতে। অন্যদিকে নেইমার নাম লেখান আল হেলালে। 

তবে চোটের কারণে আল হিলালের হয়ে নিয়মিত খেলতে পারেননি নেইমার। পরে তিনি শৈশবের ক্লাব সানতোস–এ ফিরে যান এবং সেখানেই ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন।

২০২৩ সালের অক্টোবরের পর আর ব্রাজিলের জার্সিতে মাঠে নামা হয়নি নেইমারের। নতুন কোচ আনচেলত্তির ঘোষিত প্রতিটি স্কোয়াডের বাইরে রাখা হয়েছে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ ৭৯ গোল করা এই ফরোয়ার্ডকে।

তবে গত মাসে একটি ফরাসি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছিলেন, সে শতভাগ ফিট হয়ে ফিরতে সক্ষম।