ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লাইমারকে ধরে রাখতে হিমশিম খাচ্ছে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৬, ০৩:০৩ পিএম
কনরাড লাইমার। ছবি : সংগৃহীত

জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের মধ্যমাঠের অন্যতম ভরসা কনরাড লাইমারের চুক্তি নবায়ন নিয়ে তৈরি হয়েছে জটিলতা। অস্ট্রিয়ান এই মিডফিল্ডারকে আরও দীর্ঘ সময় মিউনিখে রেখে দিতে ক্লাব কর্তৃপক্ষ আগ্রহী হলেও দুই পক্ষের মধ্যে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বার্ষিক বেতনের অংক।

জার্মান গণমাধ্যম 'মুঞ্চনার মের্কুর'-এর প্রতিবেদন অনুযায়ী, ২৯ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে চুক্তির প্রায় সব বিষয়ে বায়ার্ন একমত হলেও আর্থিক কিছু খুঁটিনাটি নিয়ে এখনো সমঝোতা হয়নি। 

বর্তমানে লাইমার বছরে ৯ মিলিয়ন ইউরো বেতন পেলেও নতুন চুক্তিতে তিনি সেটি বাড়িয়ে ১৫ মিলিয়ন ইউরো করার দাবি জানিয়েছেন। বিপরীতে বায়ার্ন কর্তৃপক্ষ ১২ মিলিয়ন ইউরো পর্যন্ত দিতে রাজি হয়েছে।

এই দর কষাকষির মধ্যে ক্লাবের অনারারি প্রেসিডেন্ট উলি হোয়েনেস বলেন, লাইমার দলের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং পরিশ্রমী খেলোয়াড়, কিন্তু সে তো আর ম্যারাডোনা নয়। ইউরোপের খুব কম ক্লাবই তাকে বর্তমানে সে যা পায়, সেই পরিমাণ বেতন দেওয়ার সামর্থ্য রাখে।

এদিকে কোচ ভিনসেন্ট কোম্পানির কৌশলে লাইমার এখন অপরিহার্য এক নাম। রাইট ব্যাক, লেফট ব্যাক কিংবা ডিফেন্সিভ মিডফিল্ডার—মাঠের যেকোনো পজিশনে মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতার কারণে কোচ তাকে হাতছাড়া করতে নারাজ। 

বায়ার্নের জার্সিতে ইতিমধ্যে ১৩২টি ম্যাচ খেলা এই তারকা নিজেও মিউনিখে সুখে আছেন বলে জানিয়েছেন। তবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, পারফরম্যান্স অনুযায়ী ক্লাবের কাছ থেকে উপযুক্ত 'স্বীকৃতি' বা মূল্যায়ন পাওয়া তার কাছে অগ্রাধিকার পাবে।

এদিকে বায়ার্নের স্পোর্টিং ডিরেক্টর ম্যাক্স এবার্ল অবশ্য পুরো বিষয়টি নিয়ে বেশ নির্ভার। ২০২৭ সাল পর্যন্ত লাইমারের বর্তমান চুক্তি বহাল থাকায় তাড়াহুড়ো করতে চান না তিনি।