লিওনেল মেসির জাদুকরি পারফরম্যান্সে মেজর লিগ সকারে (এমএলএস) আবারও জয়ের ধারায় ফিরেছে ইন্টার মিয়ামি। টরন্টোর বিপক্ষে বড় জয়ের ম্যাচে এক গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল। এদিন ৪-২ গোলে জয় পায় মেসির দল।
তবে দলের জয়ের চেয়েও এখন বেশি চর্চা হচ্ছে ইন্টার মিয়ামি কোচ গুইলার্মো হোয়োসের ম্যাচ পরবর্তী মন্তব্য নিয়ে। সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে সমালোচনাকারীদের রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি।
টরন্টোর বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে হোয়োস সরাসরি গণমাধ্যমকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের লিওকে আরও যত্ন করা উচিত। মনে রাখবেন, মেসি পৃথিবীতে একজনই। তাকে আগলে রাখুন কারণ তার জন্যই গ্যালারি দর্শকে পরিপূর্ণ হয়। তাকে একা ফেলে দেবেন না।
মূলত গত সপ্তাহে অরল্যান্ডোর বিপক্ষে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেও ৪-৩ গোলে হারের পর ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল ইন্টার মিয়ামি। সেই ম্যাচে হারের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা না বলায় খোদ মেসিকে নিয়ে কঠোর সমালোচনা হয়েছিল।
সেই প্রসঙ্গ টেনেই হোয়োস আরও বলেন, প্রকাশ্য মতপ্রকাশে কোনো সমস্যা নেই, আপনাদের যা বলার আছে তা বলতে ভয় পাবেন না। কিন্তু এই ফুটবলারদের সুরক্ষা দেওয়া প্রয়োজন। আমি সরাসরি বলছি, তারাই মাঠের আসল নায়ক।
মিয়ামি কোচ আরও জানান, মেসির মতো বিশ্বমানের তারকাদের মাঠে প্রতিনিয়ত প্রতিপক্ষ ফুটবলারদের কড়া ট্যাকেলের শিকার হতে হয়। তাই ফুটবলের সৌন্দর্য টিকিয়ে রাখতে রেফারি এবং আয়োজকদের এই তারকা ফুটবলারদের নিরাপত্তার বিষয়ে আরও সচেতন হওয়া জরুরি।
এদিকে টরন্টোর বিপক্ষে এই এক গোল ও দুই অ্যাসিস্টের মাধ্যমে এমএলএস ইতিহাসে এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছেন এলএমটেন। লিগের ইতিহাসের দ্রুততম খেলোয়াড় হিসেবে ১০০টি গোল কন্ট্রিবিউশনের (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) রেকর্ড গড়েছেন তিনি।
এই মাইলফলক ছুঁতে মেসির লেগেছে মাত্র ৬৪ ম্যাচ। যেখানে এর আগের রেকর্ডধারী সেবাস্টিয়ান জিওভিনকোর লেগেছিল ৯৫ ম্যাচ। বর্তমানে মেসির ক্যারিয়ার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৯০৭-এ। আর ১১৫১ ম্যাচে তার অ্যাসিস্ট সংখ্যা এখন ৪১০।
যুক্তরাষ্ট্রে যোগ দেওয়ার পর থেকেই মাঠ ও মাঠের বাইরে একের পর এক রেকর্ড ভেঙে চলেছেন এই আর্জেন্টাইন মহাতারকা, যার সর্বশেষ প্রমাণ মিলল টরন্টোর বিপক্ষে এই ঐতিহাসিক পারফরম্যান্সে।



