২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ সামনে রেখে ফুটবলারদের জার্সিতে বৈপ্লবিক পরিবর্তনের ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আসন্ন এই আসরে প্রথমবারের মতো বিশ্বকাপে পা রাখা ফুটবলারদের জন্য প্রবর্তন করা হচ্ছে বিশেষ ‘ডেব্যু প্যাচ’। একইসঙ্গে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন এবং অংশগ্রহণকারী দলগুলোর জার্সিতেও থাকছে ঐতিহ্যের ছাপ ও বিশেষ বার্তার নতুন সব প্যাচ।
ফিফার নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, কোনো ফুটবলার যখন তার ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ম্যাচটি খেলতে নামবেন, তখন তার জার্সিতে এই ‘ডেব্যু প্যাচ’ বা অভিষেক ব্যাজটি লাগানো থাকবে। তবে এই বিশেষ স্বীকৃতিটি কেবল ওই নির্দিষ্ট ম্যাচের জন্যই কার্যকর হবে। ম্যাচ শেষ হওয়ার পর জার্সি থেকে প্যাচটি সরিয়ে ফেলা হবে। ফুটবলারদের ক্যারিয়ারের এই স্মরণীয় মুহূর্তটিকে চিরস্থায়ী রূপ দিতে ফিফা এই উদ্যোগ নিয়েছে।
ব্যতিক্রমী এই প্যাচগুলো নিয়ে দীর্ঘমেয়াদী বাণিজ্যিক পরিকল্পনাও সাজিয়েছে ফিফা। জার্সি থেকে সরিয়ে নেওয়া এই প্যাচগুলোকে বিশেষ ‘কালেক্টেবল কার্ড’ হিসেবে সংরক্ষণ করবে মার্কিন বিপণন প্রতিষ্ঠান ফ্যানাটিকস।
সংবাদমাধ্যম ফুট হাইলাইটস জানিয়েছে, ২০৩১ সালে যখন পানিনি-র পরিবর্তে ফ্যানাটিকস ফিফার অফিশিয়াল অ্যালবাম ও কার্ডের দায়িত্ব নেবে, তখন এই প্যাচ সংবলিত কার্ডগুলো বাজারে ছাড়া হবে। যা ফুটবল প্রেমী ও সংগ্রাহকদের কাছে দারুণ সমাদর পাবে।
জার্সির এই সংস্কার প্রক্রিয়ায় দলগুলোর শক্তিমত্তা ও ইতিহাসকেও গুরুত্ব দেওয়া হয়েছে। এখন থেকে টুর্নামেন্টের সাবেক চ্যাম্পিয়ন দলগুলো তাদের জার্সিতে একটি বিশেষ সোনালী প্যাচ পরার মর্যাদা পাবে। অন্যদিকে, বাকি অংশগ্রহণকারী দলগুলোর জার্সিতে থাকবে বিশ্বকাপের সাধারণ লোগো সংবলিত প্যাচ। এর মাধ্যমে মাঠেই দলগুলোর ঐতিহাসিক সাফল্য ও শ্রেষ্ঠত্ব ফুটে উঠবে।
এছাড়া প্রতিটি দলের জার্সির বাম হাতায় একটি নতুন প্রাতিষ্ঠানিক বা সামাজিক বার্তা সংবলিত প্যাচ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ফিফা। যদিও এই বার্তার বিষয়বস্তু এখনো নির্ধারিত হয়নি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন