ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মালদ্বীপকে ১১ গোল দিয়ে উড়িয়ে দিল ভারত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: মে ২৫, ২০২৬, ১১:৫৭ পিএম
ছবি : সংগৃহীত

নারী সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে ভারত নারী ফুটবল দল। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১১-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।

গোয়ার পন্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখায় ভারত। ১০ মিনিটে প্রথম গোল করেন প্রিয়াঙ্কা দেবী। এরপর ১৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান তিনি। প্রথমার্ধেই আরও তিন গোল করে ৫-০ ব্যবধানে বিরতিতে যায় ভারত।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ভারতীয় নারীরা। ৫২তম মিনিটে বদলি খেলোয়াড় কারিশমা গোল করে ব্যবধান ৬-০ করেন। পরে দারুণ নৈপুণ্য দেখান আভেকা সিং। প্রথমার্ধে এক গোল করা এই তরুণ ফরোয়ার্ড দ্বিতীয়ার্ধে আরও তিনবার জালের দেখা পেয়ে পূর্ণ করেন হ্যাটট্রিক। ম্যাচে মোট চার গোল করেন তিনি।

আভেকার চার গোলের পাশাপাশি প্রিয়াঙ্কা ও কারিশমা করেন জোড়া গোল। সব মিলিয়ে ছয়জন ফুটবলারের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

এর আগে দিনের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করে নেপাল।