২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপিয়ান শক্তিশালী দল স্পেনের মহারণ দেখার আগ্রহে টিকিটের চাহিদা ব্যাপক বেড়ে যাওয়ায় পুনর্বিক্রয় (রিসেল) বাজারে টিকিটের দাম আকাশছোঁয়া হয়েছে। প্রিমিয়াম টিকিটের মূল্য উঠেছে সর্বোচ্চ ৬০ হাজার মার্কিন ডলারে।
ফিফার অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে দিনের শুরুতে গোলপোস্টের পেছনের মাঝারি মানের একটি আসনের মূল্য ছিল ৬ হাজার ৪১১ মার্কিন ডলার। অল্প সময়ের মধ্যেই ওই টিকিট বিক্রি হয়ে যাওয়ায় সর্বনিম্ন টিকিটের দাম বেড়ে প্রায় ১০ হাজার ডলারে পৌঁছে যায়। অন্যদিকে প্রিমিয়াম হসপিটালিটি প্যাকেজের মূল্য ৬০ হাজার ডলার পর্যন্ত উঠেছে।
এ ছাড়া সিটগিক ও স্টাবহাবের মতো জনপ্রিয় সেকেন্ডারি টিকিট বিক্রয় প্ল্যাটফর্মগুলোতেও ওপরের সারির আসনের মূল্য শুরু হয়েছে প্রায় ১০ হাজার ডলার থেকে। মাঠের কাছাকাছি নিচের সারির আসনের জন্য দর্শকদের গুনতে হচ্ছে প্রায় ৩৫ হাজার ডলার।
এই ফাইনাল ঘিরে বাড়তি আগ্রহের অন্যতম কারণ হতে পারে লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ ফাইনাল। অন্যদিকে স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল খেলতে যাচ্ছেন ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ ফাইনাল। ফলে অভিজ্ঞতা ও তারুণ্যের এই লড়াই ঘিরে দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।
টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখতে পারলে ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিলের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের কীর্তি গড়বে আলবিসেলেস্তেরা। অন্যদিকে ২০১০ সালের পর দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার স্বপ্ন পূরণ করতে চায় স্পেন।
ব্যক্তিগত অর্জনের দিক থেকেও ফাইনালটি হতে পারে ঐতিহাসিক। পুরো টুর্নামেন্টে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করা লিওনেল মেসি ফাইনালে শুরুর একাদশে থাকলে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে তিনটি ফাইনালে শুরুর একাদশে খেলার অনন্য রেকর্ড গড়বেন। একই সঙ্গে গোল্ডেন বল ও গোল্ডেন বুটের দৌড়েও থাকবেন আর্জেন্টাইন অধিনায়ক।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন