ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমাল রিয়াল

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৯:০৩ এএম
ছবি- সংগৃহীত

লা লিগায় আলাভেসকে ২-১ গোলে হারিয়ে নিঃশ্বাস ফেলল রিয়াল মাদ্রিদ। এতে পয়েন্ট তালিকায় বার্সেলোনার সঙ্গে ব্যবধান কমিয়েছে জাবি আলোনসোর দল।

রোববার (১৪ ডিসেম্বর) আলাভেসের মাঠে ম্যাচটি জিতে কেবল দলের জয়ই নিশ্চিত হলো না; একই সঙ্গে কোচের পদ নিয়ে থাকা শঙ্কাও আপাতত দূর হলো।

ম্যাচের শুরুতে প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষে হাঁটুতে সামান্য চোট পান তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। তবে সেই উদ্বেগ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ২৪তম মিনিটে মাঝমাঠ থেকে জুড বেলিংহামের বাড়ানো নিখুঁত পাস ধরে এমবাপ্পে দারুণ দক্ষতায় রিয়ালকে এগিয়ে দেন। এটি ছিল এবারের লিগে তার ১৭তম গোল এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ২৬তম গোল। প্রথমার্ধে থিবো কোর্তোয়ার দৃঢ়তায় আলাভেস সমতায় ফিরতে পারেনি।

দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে ম্যাচে উত্তেজনা ফেরে। ৬৭তম মিনিটে বদলি নামা কার্লোস ভিনসেন্তে গোল করে আলাভেসকে সমতায় ফেরান। লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললেও ভিএআর চেক শেষে সিদ্ধান্ত পাল্টে গেলে আলাভেসের শিবিরে আনন্দের বন্যা নামে।

তবে রিয়াল মাদ্রিদের জয়সূচক মুহূর্তটি আসে ম্যাচের ৭৬তম মিনিটে। ভিনিসিয়ুস জুনিয়রের মাপা পাস ধরে ক্ষিপ্রগতিতে ছুটে গিয়ে কাছ থেকে স্লাইডে বল জালে জড়ান ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগো। প্রায় ১১ মাস পর লা লিগায় গোলের দেখা পেলেন তিনি। গোলের পর ডাগআউটে আলোনসোর বাঁধভাঙা উল্লাসই বলে দিচ্ছিল, এই গোল তার জন্য কতটা স্বস্তিদায়ক।

এই ম্যাচে আলোনসোর কোচিংয়ে এই প্রথম কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুুস জুনিয়র, রদ্রিগো ও জুড বেলিংহাম একসঙ্গে শুরুর একাদশে নামেন এবং এই চারজন তারকার প্রত্যেকেই হয় গোল করেছেন অথবা অ্যাসিস্ট করেছেন।

১৭ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ এখন লা লিগায় দ্বিতীয় স্থানে; ৪ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।