টেনিস ইতিহাসে নতুন এক অধ্যায় লিখলেন স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সার্বিয়ার নোভাক জোকোভিচকে হারিয়ে ২২ বছর ২৭২ দিনের আলকারাজ বিশ্বের সর্বকনিষ্ঠ পুরুষ খেলোয়াড় হিসেবে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম (চারটি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট জয়) পূর্ণ করলেন। এর মাধ্যমে তিনি ৮৮ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন।
রোববার (১ ফেব্রুয়ারি) মেলবোর্ন পার্কে অনুষ্ঠিত ফাইনালে প্রথম সেটে জোকোভিচ ৬-২ ব্যবধানে জয়ী হলেও, পরের তিন সেটে আলকারাজ ৬-২, ৬-৩ ও ৭-৫ ব্যবধানে জিততে সক্ষম হন।
ম্যাচ শেষ হওয়ার পর আবেগে ভেসে যাওয়ার সময় র্যাকেট হাতছাড়া হয়ে যায় আলকারাজের, কিছুক্ষণ কোর্টে শুয়ে মাথা চেপে ধরেন। পরে নেটে গিয়ে জোকোভিচের সঙ্গে করমর্দন করেন। ৩৮ বছর বয়সী জোকোভিচ হাসিমুখে নতুন চ্যাম্পিয়নকে অভিনন্দন জানান।
এই জয়ে আলকারাজের গ্র্যান্ড স্ল্যাম জয়ের সংখ্যা এখন সাতটি। অস্ট্রেলিয়ান ওপেন তার প্রথম, উইম্বলডন, ফ্রেঞ্চ ওপেন ও ইউএস ওপেনে দুই করে শিরোপা রয়েছে।
এর আগে ১৯৩৮ সালে ফরাসি ওপেন জয়ের সময় ২২ বছর ৩৬৩ দিনের বয়সে ডন বাজ ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করেছিলেন।


