বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩৮তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৬ শনিবার (১১ জুলাই) রাজধানীর মিরপুরে অবস্থিত সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে শুরু হয়েছে। চার দিনব্যাপী এ প্রতিযোগিতা চলবে ১৪ জুলাই পর্যন্ত।
এবারের প্রতিযোগিতায় সাঁতারে ১০০টি এবং ডাইভিংয়ে ৬টি—মোট ১০৬টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ডাইভিংয়ের ইভেন্টগুলো হলো ১ মিটার স্প্রিংবোর্ড, ৩ মিটার স্প্রিংবোর্ড ও ৫ মিটার প্ল্যাটফর্ম ডাইভ।
শনিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান শাহীন।
প্রথম দিনে নির্ধারিত ২৪টি সাঁতার ইভেন্টের মধ্যে ২৩টি এবং ডাইভিংয়ের ২টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এদিন সাঁতারে ৫টি এবং ডাইভিংয়ে ১টি—মোট ৬টি নতুন জাতীয় রেকর্ড গড়া হয়।
পদক তালিকায় প্রথম দিন শেষে বিকেএসপি ১৫টি স্বর্ণ, ১১টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জ জিতে শীর্ষে রয়েছে। মেঘনা মোহনা সুইমিং ক্লাব, চাঁদপুর ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে। একই সংখ্যক ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জ পদক নিয়ে নিকলী সুইমিং ক্লাব, কুষ্টিয়াও যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

