ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সাদিও মানে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ০৯:১৪ পিএম
সাদিও মানে। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির অধিনায়ক ও তারকা ফরোয়ার্ড সাদিও মানে। বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বেলজিয়ামের কাছে ৩-২ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় সেনেগাল এরপর এমন ঘোষণা দেন তিনি।

সেনেগালের সংবাদমাধ্যম লে কোটিডিয়েন-এ প্রকাশিত এক বিবৃতিতে ৩৪ বছর বয়সী মানে তার সিদ্ধান্তের কথা জানান। এর মধ্য দিয়ে ১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন তিনি।

সেনেগালের জার্সিতে মোট ১৩০টি ম্যাচ খেলেছেন মানে। ২০২১ সালের আফ্রিকান কাপ অব নেশনস জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তারকা দীর্ঘদিন ইংলিশ ক্লাব লিভারপুলের হয়ে খেলেছেন। এর আগে ফ্রান্সের ক্লাব এফসি মেটজের হয়ে নিজের পেশাদার ক্যারিয়ারের পরিচিতি গড়ে তোলেন।

নিজ দেশের জার্সিতে দীর্ঘ পথচলার সমাপ্তি টানতে গিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন মানে।

তিনি বলেন, ‘জেনে রাখুন, আমি এই পতাকার জন্য সবকিছু বিসর্জন দিয়েছি। আমি নিজের সেরাটা উজাড় করে দিয়েছি এবং আমাদের মাতৃভূমির জন্য সবসময় জানপ্রাণ দিয়ে লড়াই করেছি।’