২০২৬ বিশ্বকাপে মিশরের ঐতিহাসিক সাফল্যের স্বীকৃতি হিসেবে প্রধান কোচ হোসাম হাসানের চুক্তির মেয়াদ বাড়িয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ)। যদিও নতুন চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, হোসাম হাসান ও তার যমজ ভাই এবং সহকারী পরিচালক ইবরাহিম হাসানের দায়িত্ব ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে ইএফএর সভাপতি হানি আবু রিদা জানিয়েছেন, পরিচালনা পর্ষদের সর্বসম্মত সিদ্ধান্তে প্রধান কোচ হোসাম হাসান এবং সহকারী পরিচালক ইবরাহিম হাসানের চুক্তির মেয়াদ বাড়ানোর অনুমোদন দেয়া হয়েছে। বিশ্বকাপে দলের স্মরণীয় পারফরম্যান্সই এই সিদ্ধান্তের মূল কারণ বলে জানিয়েছে মিশরের সংবাদমাধ্যম।
আটলান্টায় পরশু রাতে আর্জেন্টিনার কাছে নাটকীয়ভাবে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় মিশর। ম্যাচ শেষে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের একাধিক বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছিলেন হোসাম হাসান। শেষ ষোলোর সেই ম্যাচে রেফারিং নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই কোচের চুক্তি নবায়নের ঘোষণা এলো।
হোসাম হাসানের অধীনেই ২০২৬ বিশ্বকাপে ইতিহাস গড়ে মিশর। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের ইতিহাসে নিজেদের প্রথম জয়ের স্বাদ পায় আফ্রিকার দেশটি। এরপর বেলজিয়াম ও ইরানের বিপক্ষে ড্র করে ‘জি’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা করে নেয় তারা।
শেষ বত্রিশে অস্ট্রেলিয়ার বিপক্ষে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জয় তুলে নেয় মিশর। সেই জয়ে ৯২ বছর পর আবারও বিশ্বকাপের শেষ ষোলোতে ওঠার কীর্তি গড়ে দলটি। এর আগে ১৯৩৪ বিশ্বকাপেই সর্বশেষ শেষ ষোলো খেলেছিল মিশর।
তবে শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে স্বপ্নভঙ্গ হয় তাদের। ৭৯ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে যায় মিশর। নাটকীয় সেই জয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে আর্জেন্টিনা।
৫৯ বছর বয়সী হোসাম হাসান ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিশরের দায়িত্ব নেন। তার অধীনেই দলটি ২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছিল। খেলোয়াড়ি জীবনেও তিনি মিশরের ফুটবলের অন্যতম কিংবদন্তি। জাতীয় দলের হয়ে ১৭৭ ম্যাচে ৬৯ গোল করে এখনো দেশটির সর্বোচ্চ গোলদাতার রেকর্ড তার দখলেই রয়েছে।

