কিশোরগঞ্জের নিকলী থানার হাজতখানায় রুবেল (২১) নামে এক আসামির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, তিনি নিজের পরিহিত শার্ট দিয়ে গলায় ফাঁস দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত ও ম্যাজিস্ট্রেট তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নিকলী থানা হাজতখানায় এ ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার শহরমুল এলাকার রাজা হাওলাদারের ছেলে। ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নিকলী থানার ওসি মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্তে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ঘটনাস্থলে গিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

