নওগাঁর রাণীনগরে মাঠ থেকে পাওয়ার ট্রিলার আনতে যাওয়ার পথে বজ্রপাতে সাখাওয়াত হোসেন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মালশন গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত সাখাওয়াত হোসেন ওই গ্রামের মোহাম্মদ খয়বর আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে এলাকায় বৃষ্টি হচ্ছিল। এ সময় মাঠে রাখা নিজেদের পাওয়ার ট্রিলার বাড়িতে আনতে ছেলেকে সঙ্গে নিয়ে মাঠে যান সাখাওয়াত হোসেন। পথে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে তার ছেলে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

