সিলেট বিভাগে বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। এরই মধ্যে হবিগঞ্জ ও মৌলভীবাজারের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। সিলেট ও সুনামগঞ্জ জেলার নদ-নদীর পানিও বাড়ছে। এ অবস্থায় পুরো বিভাগজুড়ে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ফলে চলমান এইচএসসি পরীক্ষা নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষকে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে সিলেট শিক্ষা বোর্ডের কর্মকর্তারা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এরই মধ্যে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সিলেট শিক্ষা বোর্ডের চলমান এইচএসসি পরীক্ষার বিষয়েও আলোচনা চলছে।
সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, বিভাগের চার জেলার জেলা প্রশাসকদের (ডিসি) কাছ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদন সংগ্রহ করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে দ্রুত এ বিষয়ে বিজ্ঞপ্তি দেওয়া হতে পারে।
বোর্ড কর্মকর্তারা জানান, সিলেট বিভাগের তিন জেলার বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। জেলা প্রশাসকদের কাছ থেকে সার্বিক তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে পরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। আগামীকাল এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে কি না, সে বিষয়ে শুক্রবার সন্ধ্যার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘আমরা পরিস্থিতির তথ্য সংগ্রহ করছি। তিন জেলার অবস্থা খারাপ। দ্রুত সিদ্ধান্ত জানানো হবে।’
জানা গেছে, টানা তিন দিনের বৃষ্টি এবং ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট বিভাগের চার জেলায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
মৌলভীবাজারের মনু নদী এবং হবিগঞ্জের খোয়াই নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমা অতিক্রম করেছে। সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানিও বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। এতে বিভাগজুড়ে বন্যার আশঙ্কা ও উদ্বেগ আরও বেড়েছে।

