ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ডের মধ্যে বাড়ি যাবে কে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৪:৪১ পিএম
ছবি : সংগৃহীত

বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসিদের প্রতিপক্ষ ৭২ বছর পর শেষ আটে জায়গা করে নেওয়া সুইজারল্যান্ড। রোববার (১২ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৭টায় ক্যানসাস সিটি স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। নকআউট পর্বের এই লড়াইয়ে কে এগিয়ে, তা নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইও দিয়েছে পূর্বাভাস।

কাগজে-কলমে চার কোয়ার্টার ফাইনালের মধ্যে আর্জেন্টিনার জন্য এই ম্যাচটিকেই তুলনামূলক সহজ মনে করা হচ্ছে। তবে আলবিসেলেস্তেদের সাম্প্রতিক দুই ম্যাচের পারফরম্যান্স সেই হিসাবকে কিছুটা জটিল করে তুলেছে। সুযোগ তৈরি করেও কাজে লাগাতে না পারা এবং ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ভুল সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে।

ম্যাচের আগে আর্জেন্টিনাকে ঘিরে মাঠের বাইরের আলোচনাও কম নয়। বিশ্বকাপে ষড়যন্ত্রতত্ত্ব থেকে শুরু করে ফিফার বাড়তি সুবিধা পাওয়ার অভিযোগ সংবাদ সম্মেলনে উঠেছে নানা প্রসঙ্গ। তবে এসব আলোচনায় খুব একটা আগ্রহ দেখাননি আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তার মনোযোগ শুধুই মাঠের লড়াইয়ে।

সুইজারল্যান্ডকে যথেষ্ট সমীহ করছেন স্কালোনি। আর্জেন্টিনা কোচের মতে, অভিজ্ঞ ফুটবলারদের নিয়ে গড়া সুইস দলটি শক্তিশালী প্রতিপক্ষ। কলম্বিয়ার মতো দলকে বিদায় করে শেষ আটে ওঠাই তাদের সামর্থ্যের প্রমাণ। তাই অন্য সব প্রতিপক্ষের মতো সুইজারল্যান্ডকেও পূর্ণ সম্মান নিয়েই মোকাবিলা করতে চান তিনি।

সুইজারল্যান্ড কোচ মুরাত ইয়াকিনও বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে নিজেদের পরিকল্পনার কথা জানিয়েছেন। আর্জেন্টিনার ওপর শুরু থেকেই চাপ তৈরি করতে চান তিনি। হাই প্রেসিং ফুটবল খেলে মেসিদের স্বাভাবিক ছন্দ নষ্ট করাই হতে পারে সুইসদের অন্যতম কৌশল।

ইয়াকিনের ভাষায়, মুখে অনেক কিছু বলা সম্ভব হলেও শেষ পর্যন্ত মাঠেই নিজেদের প্রমাণ করতে হবে। আর্জেন্টিনার বিপক্ষে সমস্যার সমাধানও ৯০ মিনিটের লড়াইয়ের মধ্যেই খুঁজে নিতে চান সুইস কোচ।

তবে ইতিহাস সুইজারল্যান্ডের পক্ষে কথা বলছে না। আর্জেন্টিনার বিপক্ষে সাতবার মাঠে নেমেও কখনো জয়ের দেখা পায়নি তারা। পাঁচ ম্যাচে হার এবং দুটিতে ড্র করেছে সুইসরা। বিশ্বকাপেও দু’দলের আগের দুই দেখায় জয় পেয়েছে আর্জেন্টিনা। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপের লড়াইয়ে অতিরিক্ত সময়ে অ্যাঞ্জেলো ডি মারিয়ার গোলে সুইজারল্যান্ডকে বিদায় করেছিল আলবিসেলেস্তেরা।

অতীতের সেই পরিসংখ্যান এবার বদলে দিতে চান সুইজারল্যান্ড অধিনায়ক গ্রানিত শাকা। বিশ্বকাপের এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলাকে নিজের ক্যারিয়ারের অন্যতম গর্বের মুহূর্ত হিসেবে দেখছেন তিনি। তবে শুধু মাঠে উপস্থিত থাকার জন্য নয়, নিজেদের সেরাটা দিয়ে ইতিহাস গড়তেই তার দল এসেছে বলে জানিয়েছেন সুইস অধিনায়ক।

সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা কম। সব আলোচনার কেন্দ্রেও থাকবেন লিওনেল মেসি। বিশ্বের অন্যতম সেরা এই তারকাকে ঘিরেই আর্জেন্টিনার আক্রমণ পরিকল্পনা সাজানোর সম্ভাবনা বেশি।

ম্যাচটি নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার বিশ্লেষণেও এগিয়ে রাখা হয়েছে আর্জেন্টিনাকে। বর্তমান ফর্ম, দলের শক্তি ও কাগজে-কলমের হিসাব বিবেচনায় মেসিদেরই জয়ের সম্ভাবনা বেশি বলে পূর্বাভাস দিয়েছে এআই। সম্ভাব্য ফল হিসেবে আর্জেন্টিনার ২-১ অথবা ১-০ গোলের জয় অনুমান করা হয়েছে।

তবে সুইজারল্যান্ড শুরু থেকে রক্ষণভাগ শক্ত রাখতে পারলে ম্যাচ অতিরিক্ত সময়েও গড়াতে পারে বলে মনে করছে এআই। টুর্নামেন্টজুড়ে সুইসদের সংগঠিত ফুটবল এবং প্রতিপক্ষের দুর্বলতা কাজে লাগানোর সামর্থ্য আর্জেন্টিনার জন্য বড় পরীক্ষা হয়ে উঠতে পারে।

এদিকে অপটার সুপার কম্পিউটারের ২৫ হাজার প্রাক্‌-ম্যাচ সিমুলেশনেও আর্জেন্টিনাই এগিয়ে। নির্ধারিত ৯০ মিনিটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের জয়ের সম্ভাবনা দেখানো হয়েছে ৫৭ দশমিক ১ শতাংশ। সুইজারল্যান্ডের জয়ের সম্ভাবনা ১৮ দশমিক ৭ শতাংশ এবং ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৪ দশমিক ২ শতাংশ।