ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

আগামী ২৪ ঘণ্টায় ৫ বিভাগে ভারি বৃষ্টিপাতের সতর্কতা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৫:৫৪ পিএম
ছবি : সংগৃহীত

সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে সমুদ্র বন্দরে সংকেত নামিয়ে ফেলতে বলেছে সংস্থাটি।

শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় পৃথক দুই বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি) থেকে অতিভারি (৮৮ মি.মি) বর্ষণ হতে পারে।

আবহাওয়া অফিসের অপর বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এ ছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।