ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

মাজারের দানবাক্সে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে চিঠি, কী লিখলেন?

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৬:৫৩ পিএম
ছবি : সংগৃহীত

সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স থেকে এবার মিলেছে প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা একটি হাতে লেখা চিঠি। চিঠিতে ধর্ষণ, হত্যা, শিশু নির্যাতন ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং আলোচিত অপরাধগুলোর দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে মাজারের দানবাক্স খুলে টাকা গণনা শুরু হয়। এসময় নগদ অর্থের পাশাপাশি প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা একটি হাতে লেখা চিঠি পাওয়া যায় হয়।

চিঠির শুরুতে লেখক উল্লেখ করেন, এই চিঠি প্রধানমন্ত্রীর হাতে পৌঁছাবে কি না, তা তিনি জানেন না। এরপর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি লেখেন, ‘দেশের মানুষ একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ চায়। কিন্তু ধর্ষণ, হত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের ঘটনায় দৃশ্যমান বিচার না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিচারব্যবস্থার প্রতি আস্থা কমে যাচ্ছে।’

চিঠিতে শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে। রামিসা, আছিয়া ও হাদির ঘটনার দ্রুত বিচার কার্যকর এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা দূর করার আহ্বান জানানো হয়েছে।

মাদকের বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন চিঠির লেখক। তিনি লিখেছেন, ‘বিশেষ করে মাদকের সঙ্গে যারা জড়িত। আমার মনে হয়, তাদের হাত অনেক বড়। না হলে তারা থানা ম্যানেজ করে কীভাবে? আমার মনে হয়, গ্রামের প্রায় ৯০ শতাংশ মানুষ মাদকাসক্ত।’

চিঠির শেষাংশে ‘বাংলাদেশকে ভালোবাসি’ লিখে মোহাম্মদ জুবায়ের আহমদ নামে স্বাক্ষর রয়েছে। তবে তিনি কে, কোথা থেকে এসেছেন কিংবা কখন এবং কীভাবে চিঠিটি দানবাক্সে রেখেছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।