দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং সমুদ্রের অস্বাভাবিক জোয়ারের প্রভাবে সৃষ্ট বন্যা ও জলাবদ্ধতায় জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন নিম্নাঞ্চলে হাজারো মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন।
এ পরিস্থিতিতে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (১১ জুলাই) চট্টগ্রামের পতেঙ্গা থানার বিজয়নগর, আকমল আলী রোড, নিউ মুরিং মাদ্রাসা, নারিকেলতলা এবং নেভি হাসপাতাল গেট এলাকায় নৌবাহিনীর একটি দল সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে।
পরিদর্শনকালে পানিবন্দি পরিবারগুলোর মধ্যে নৌবাহিনীর সদস্যরা ২ হাজার প্যাকেট রান্না করা খাবার বিতরণ করেন। মানবিক দায়িত্ববোধের অংশ হিসেবে বন্যাকবলিত মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী।
নৌবাহিনী জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় স্বাভাবিক পরিস্থিতি ফিরে না আসা পর্যন্ত তাদের ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

