ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

মিরপুরে জলাবদ্ধতা পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক, দ্রুত পানি নিষ্কাশনের নির্দেশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১১, ২০২৬, ০৭:০৩ পিএম
ছবি : সংগৃহীত

প্রবল বৃষ্টিতে মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া মেট্রোরেল এলাকার সড়কের দুই পাশে জমে থাকা বৃষ্টির পানি এবং ড্রেনেজ ব্যবস্থার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর তিনি এলাকাগুলো পরিদর্শন করেন। এ সময় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের দ্রুত পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রশাসক নিজেও পানির মধ্যে হেঁটে নালা ও ড্রেনের কার্যকারিতা পর্যবেক্ষণ করেন এবং স্থানীয় দোকানদারদের ড্রেনে ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান।

পরবর্তীতে তিনি মিরপুর-১২-এর ৬ নম্বর কাঁচাবাজার এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা পরিদর্শন করেন। বাজারে জমে থাকা ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্ন পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন।

তাৎক্ষণিকভাবে দোকানদার, বাজার পরিচালনা কমিটি এবং স্থানীয় নেতৃবৃন্দকে ডেকে সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি। একই সঙ্গে ডিএনসিসির জোন-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বাজারের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করেন।

পরিদর্শনকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।