ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, পূবালী ব্যাংক দীর্ঘদিন ধরে রাজশাহীর মানুষের বিশ্বস্ত আর্থিক অংশীদার হিসেবে কাজ করছে। আগামী দিনে রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি ও স্মার্ট ব্যাংকিং ব্যবস্থা বিস্তারে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শনিবার (১১ জুলাই) রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে একটি হোটেলে পূবালী ব্যাংক পিএলসি আয়োজিত 'ক্যাশলেস রাজশাহী' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শিক্ষা-দীক্ষায় এগিয়ে থাকা রাজশাহীর মানুষ দ্রুত ডিজিটাল ব্যাংকিং গ্রহণ করবে। এতে নগরীর অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং রাজশাহীর অর্থনৈতিক মর্যাদা বৃদ্ধি পাবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে রাজশাহীকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। ব্যবসা-বাণিজ্যকে আরও আধুনিক ও গতিশীল করতে পূবালী ব্যাংক ‘কিউআর সিস্টেম’ চালু করেছে, যার মাধ্যমে ব্যবসায়ীরা দ্রুত, নিরাপদ ও কাগজের মুদ্রাবিহীন লেনদেন করতে পারবেন।
রাজশাহীর ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে ভূমিমন্ত্রী বলেন, এ অঞ্চলের শাক-সবজি ও ফলমূল সরাসরি দুবাই ও সিঙ্গাপুরে রপ্তানির লক্ষ্যে রাজশাহী বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ চলছে। পাশাপাশি বিসিক সিল্ক শিল্পনগরী ও ইপিজেড স্থাপনের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।
তিনি ব্যাংকিং খাতের কর্মকর্তা-কর্মচারীদের সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির পরিচালক আজিজুর রহমান।
পূবালী ব্যাংক পিএলসির রাজশাহী অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান মো. সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খাঁন, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. বায়েজীদ সরকার, মো. নাজিম উদ্দীন এবং মো. শাহ নওয়াজ খান।
অনুষ্ঠানে পূবালী ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ভূমিমন্ত্রী রাজশাহীতে পূবালী ব্যাংক পিএলসির ১৪টি নতুন ইলেকট্রনিক বুথের উদ্বোধন করেন।

