ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬, ০৯:০৬ এএম
কুয়াশা মোড়ানো সকাল। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ পরিষ্কার থাকবে এবং কিছু সময়ের জন্য অস্থায়ীভাবে মেঘলা হতে পারে। ফলে গত কয়েক দিনের মতো আজও দিনের বড় অংশজুড়ে রোদের দেখা মিলবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ পরিষ্কার অথবা সাময়িকভাবে মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং এ সময় বৃষ্টি বা বজ্রপাতের কোনো সম্ভাবনা নেই। উত্তর-উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে হালকা বাতাস প্রবাহিত হতে পারে।

আজ সকাল ৭টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। আগের দিন বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪১ মিনিটে।

এদিকে দেশের অন্যান্য বিভাগের তাপমাত্রা অনুযায়ী চট্টগ্রামে সর্বোচ্চ ৩২ দশমিক শূন্য এবং সর্বনিম্ন ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ ২৮ দশমিক শূন্য ও সর্বনিম্ন ১৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বোচ্চ ২৮ দশমিক শূন্য ও সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সিলেটে সর্বোচ্চ ৩০ দশমিক ৫ ও সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ ৩০ দশমিক ৬ ও সর্বনিম্ন ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ ২৭ দশমিক ২ ও সর্বনিম্ন ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ ২৯ দশমিক শূন্য ও সর্বনিম্ন ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে আরও জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।