বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শীর্ষ দূষিত শহরগুলোর তালিকায় আজ দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ২৪৯, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের তথ্যমতে, একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ২৮২, যা ঢাকার মতোই ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি, যেখানে বায়ুমান স্কোর ২২৫।
এ ছাড়া তালিকার চতুর্থ অবস্থানে থাকা মঙ্গোলিয়ার উলনবাটোরের স্কোর ১৯৯, পঞ্চম অবস্থানে আফগানিস্তানের কাবুলের স্কোর ১৯৮ এবং ষষ্ঠ অবস্থানে ভারতের কলকাতার স্কোর ১৮৫। সপ্তম স্থানে মিশরের কায়রোর বায়ুমান স্কোর ১৭৩ এবং অষ্টম অবস্থানে থাকা পাকিস্তানের করাচির স্কোর ১৬৫।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে সাধারণভাবে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একিউআই স্কোর ২০১ থেকে ৩০০-এর মধ্যে হলে সেটিকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়। এমন পরিস্থিতিতে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাইরে বের না হওয়ার এবং অন্যদের প্রয়োজন ছাড়া বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দিয়ে থাকেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন