দেশজুড়ে দিনে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রাতে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে দেওয়া আবহাওয়ার সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস আরও জানায়, দক্ষিণ বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্ব বিষুবীয় ভারত মহাসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে বিষুবীয় ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এ ছাড়া বিহার ও পার্শ্ববর্তী এলাকায় একটি উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ অবস্থান করছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন