চলতি মার্চ মাসেই দেশে কালবৈশাখী ঝড়ের দেখা মিলতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মাসের শেষ দিকে তাপপ্রবাহের আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।
রোববার (১ মার্চ) প্রকাশিত মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, মার্চের শেষভাগে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, পুরো মার্চ জুড়ে দেশে স্বাভাবিক মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে পারে এবং তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
এ মাসে দুই থেকে তিন দিন বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে বলেও জানানো হয়েছে। পাশাপাশি এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে মার্চ মাসে বঙ্গোপসাগর-এ কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
নদ-নদীর পরিস্থিতি প্রসঙ্গে সংস্থাটি জানিয়েছে, এ মাসে দেশের প্রধান নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকতে পারে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন