আবহাওয়া অফিস জানিয়েছে, দেশজুড়ে আজ সারাদিন, বৃহস্পতিবার (২ এপ্রিল), অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বুধবার (১ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের অন্যান্য স্থানে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীলফামারীর ডিমলা উপজেলায় ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের পরিমাণ ছিল নেত্রকোনায় ১৯ দশমিক ৩ মিলিমিটার।
আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

