বাড়তে শুরু করেছে সারা দেশের তাপমাত্রা। বৃষ্টিবলয় গর্জনের বিদায়ের পর এই তাপমাত্রা তীব্রভাবে অনুভূত হচ্ছে। আগামী দুই সপ্তাহ তা স্থায়ী হওয়ার প্রবল শঙ্কা করা হচ্ছে।
কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, শনিবার (১১ এপ্রিল) থেকে তাপমাত্রা বাড়ছিল, আর সোমবার (১৩ এপ্রিল) থেকে রেকর্ড তাপমাত্রাসহ তাপপ্রবাহ বইতে শুরু করবে।
রোববার (১২ এপ্রিল) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এ বার্তা দেন।
ফেসবুক পোস্টে পলাশ বলেন, রেকর্ড-ব্রেকিং তাপপ্রবাহ শুরু হতে যাচ্ছে সোমবার (১৩ এপ্রিল) থেকে। রোববার (১২ এপ্রিল) দুপুর ৩টার সময় দেশের রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার ওপরে মৃদু তাপপ্রবাহ রেকর্ড করা হয়েছে। আর সোমবার থেকে এই তাপপ্রবাহ দেশের সাতটি বিভাগে ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে।
তাপপ্রবাহ আগামী ২৫ এপ্রিল পর্যন্ত অর্থাৎ পুরো দুই সপ্তাহ বা ১৪ দিন স্থায়ী হওয়ার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। ১৬ এপ্রিল থেকে তাপপ্রবাহের তীব্রতা বাড়তে থাকবে বলেও জানান কানাডাপ্রবাসী এই আবহাওয়াবিদ।
মোস্তফা কামাল পলাশ বলেন, রোববার বিকেল ৪টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগের সিলেট ও সনুমাগঞ্জ জেলা ছাড়া আর কোনো জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

