ঢাকা শনিবার, ০৪ জুলাই, ২০২৬

লঘুচাপের প্রভাবে টানা ৫ দিন বৃষ্টির সম্ভাবনা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০১:৫৪ এএম
ছবি: সংগৃহীত

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর আশপাশের উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় আগামী ১২০ ঘণ্টা বা টানা পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাস অনুযায়ী, সৃষ্ট লঘুচাপটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে। এদিকে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, পূর্ব রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্র এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র তা মাঝারি থেকে প্রবল অবস্থায় বিরাজ করছে।

এর প্রভাবে শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় এবং ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়া ও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। এছাড়া রাজশাহী, পাবনা, নীলফামারী, পঞ্চগড়, কুড়িগ্রাম, ফেনী ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কিছু এলাকায় প্রশমিত হতে পারে। এ সময়ে দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রোববার (৫ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। একই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এদিন দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ী দমকা হাওয়া, বজ্রপাত এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এদিনও সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে আরও বলা হয়েছে, এই সময়ের পরও দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।