ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিশ্ববাজারে স্বর্ণের দামে নতুন রেকর্ড

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ১১:৫৬ এএম
স্বর্ণালংকার। ছবি- সংগৃহীত

বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দাম। এতে মূল্যবান এই ধাতুর বাজারে নতুন রেকর্ড তৈরি হয়েছে। নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের প্রতি চাহিদা, যুক্তরাষ্ট্রের সুদের হার কমানো এবং ডলারের দুর্বল অবস্থানের প্রভাবে দাম বাড়ছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সোমবার (২২ ডিসেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম রেকর্ড সর্বোচ্চ প্রতি আউন্স ৪ হাজার ৩৮৩ দশমিক ৭৩ ডলারে পৌঁছেছে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদের হার কোয়ার্টার পয়েন্ট কমানোর পর থেকেই বাজারে স্বর্ণের প্রতি আগ্রহ আরও বেড়েছে।

বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক ও বাণিজ্য উত্তেজনা, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের জোরালো স্বর্ণ কেনা এবং আগামী বছর সুদের হার আরও কমতে পারে—এমন প্রত্যাশা স্বর্ণের চাহিদা বাড়িয়েছে। এসব কারণে চলতি বছর এখন পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ৬৭ শতাংশ।

ডলার সূচক তুলনামূলক দুর্বল থাকায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা সহজ হয়েছে, যা বাজারে চাহিদা আরও বাড়িয়েছে। বিনিয়োগকারীদের ধারণা, ২০২৬ সালে যুক্তরাষ্ট্রে অন্তত দুই দফায় সুদের হার কমতে পারে। এতে সুদ না পাওয়া সম্পদ হলেও স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ আরও বাড়বে।

এর প্রভাব পড়েছে দেশের বাজারেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ২১ ডিসেম্বর রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেয়। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়েছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ১১৭ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৮ হাজার ২০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ভরিপ্রতি ১ লাখ ৪৮ হাজার ৫৯৯ টাকা।

চলতি বছর দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৮৭ বার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬০ বার দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে মাত্র ২৭ বার। এর আগে ২০২৪ সালে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৬২ বার, যেখানে ৩৫ বার দাম বাড়ানো হয়েছিল।