মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা চললেও লেবানন, সিরিয়া, গাজা ও ইয়েমেনে সামরিক অভিযান থামানোর কোনো ইঙ্গিত দিল না ইসরায়েল। ইহুদিবাদী এই দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, উত্তেজনা কমানোর নানা প্রচেষ্টা চললেও লেবানন, সিরিয়া, গাজা ও ইয়েমেনে তাদের সামরিক অভিযান চলবে। একই সঙ্গে ইরানের সক্ষমতায় বড় ক্ষতি করা হয়েছে বলেও দাবি করেছেন ইসরায়েলি এই প্রতিরক্ষামন্ত্রী।
বার্তা সংস্থাটি বলছে, ইসরায়েলি বিমানবাহিনীর পাইলটদের জন্য এক প্রশিক্ষণ কোর্সে ইসরায়েল কাটজ এসব কথা বলেন বলে দৈনিক ‘মারিভ’ জানিয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সেনাপ্রধান ইয়াল জামিরও উপস্থিত ছিলেন। কাটজ বলেন, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ অব্যাহত থাকবে। সিরিয়ায় ইসরায়েল জাবাল আল-শেইখ (মাউন্ট হারমোন) ও নিরাপত্তা অঞ্চল থেকে সরে আসবে না। আর গাজায় হামাসকে ভেঙে দেওয়া এবং এলাকা নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি বহাল থাকবে।
তিনি আরও বলেন, ইয়েমেনের ক্ষেত্রে হুতিদের সক্ষমতা বাড়তে না দেওয়ার জন্য ইসরায়েলের অভিযান অব্যাহত থাকবে। ইরান ইস্যুতে কথা বলতে গিয়ে কাটজ দাবি করেন, ইসরায়েল ইরানের পারমাণবিক ও কৌশলগত সক্ষমতায় বড় ধরনের ক্ষতি করেছে। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয়ে ইরানের বিরুদ্ধে শক্তভাবে আঘাত হানা হয়েছে। এ বিষয়ে নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তবে স্বাভাবিক কারণে এর বেশি বিস্তারিত তিনি জানাতে পারবেন না।
ইসরায়েলি সেনাবাহিনী ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় যে তীব্র অভিযান চালাচ্ছে, তাতে এখন পর্যন্ত ৭১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতের বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও ১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ।
মূলত ইসরায়েলি এই আগ্রাসন আঞ্চলিক উত্তেজনা ব্যাপকভাবে বাড়িয়ে তোলে এবং এতে করে লেবাননে হিজবুল্লাহ ও ইয়েমেনের হুতিদের সঙ্গেও পাল্টাপাল্টি সংঘাতে জড়িয়ে পড়ে ইসরায়েল। আর চলতি বছরের জুনে ইরানের বিরুদ্ধেও যুদ্ধে জড়িয়ে পড়ে ইসরায়েল। পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে সেই সংঘাতের অবসান হয়।
এ ছাড়া গত এক বছরে সীমান্ত অতিক্রম করে সিরিয়ার ভেতরেও শত শতবার অভিযান ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় বহু বেসামরিক মানুষ নিহত হওয়ার পাশাপাশি সিরিয়ার সামরিক স্থাপনা, যান, অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়ে গেছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন