ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের আগমুহূর্তে ইউক্রেনের রাজধানী কিয়েভে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত একজন নিহত এবং কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। একটি শহর বিদ্যুৎহীন হয়ে পড়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
যুদ্ধ থামাতে রাজি নন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শান্তিচুক্তির শর্ত নিয়ে তিনি অনড় অবস্থানে রয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার। বৈঠকের ঠিক আগেই ইউক্রেনে হামলার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে রাশিয়া।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোর থেকে কিয়েভজুড়ে শুরু হয় লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী।
দেশবাসীকে সতর্ক করে দিয়ে কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো টেলিগ্রামে বলেন, রাজধানীতে মিসাইল হামলা হয়েছে। পরপর বিস্ফোরণ ঘটছে। আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় রয়েছে। সবাইকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে থাকতে অনুরোধ করছি।
তিনি আরও জানান, রাজধানীর আশপাশের একাধিক এলাকায় ড্রোন চক্কর দিচ্ছে। পাল্টা হামলার প্রস্তুতিও নিচ্ছে ইউক্রেন। কিয়েভের মেয়র ও আঞ্চলিক গভর্নরের বরাতে জানা গেছে, হামলায় ৪৭ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন এবং অন্তত ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুই শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন কিয়েভ নগর সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো।
২০২২ সাল থেকে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। তবে এ দিনের মতো এত ভয়াবহ হামলা আগে দেখা যায়নি বলে জানিয়েছেন সংবাদ সংস্থা এএফপি’র সাংবাদিকরা।
কিয়েভ থেকে একজন সাংবাদিক সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শুনেছি। বজ্রপাতের মতো উজ্জ্বল আলো চারপাশ ঢেকে ফেলছিল।’
বহু আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও এখনো সংঘাত থামেনি। এর আগে ট্রাম্প উভয় পক্ষের সঙ্গে জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করলেও কোনো সমাধান সূত্র মেলেনি। এর মধ্যেই রোববার ফের জেলেনস্কির সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ট্রাম্প।
বৈঠকের আগে পলিটিকো-কে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কির উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমার অনুমতি ছাড়া তিনি কিছুই করতে পারবেন না, এটা মাথায় রাখা উচিত।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন