ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে কলকাতায় শোকসভা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৫, ০৬:০০ এএম
ছবি- সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শোক প্রকাশের পর কলকাতায় শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) কলকাতা প্রেসক্লাবে ‘সনাতনী সংগঠন’ আয়োজিত অনুষ্ঠানে খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সংগঠনের সভাপতি গোবিন্দ দাস বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তার পরিবার-পরিজন ও বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানাই।

চিত্র পরিচালক বিমল দে বলেন, খালেদা জিয়া দীর্ঘদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তার বাংলাদেশে অবদানকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি।

সনাতনী সংগঠনের সদস্য প্রবীর গাঙ্গুলী বলেন, খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করছি। তার পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আমাদের সমবেদনা রইল।

এদিকে, কলকাতায় বাংলাদেশের উপ-দূতাবাস খালেদা জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শোকবই সংরক্ষণ করেছে। সাধারণ মানুষ বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এবং বৃহস্পতিবার, শুক্রবার ও সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শোকবার্তা জানাতে পারবেন।