যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে এক উবার ড্রাইভারকে গুলি করে হত্যা করা হয়েছে। এটি ২০২৬ সালে নিউইয়র্ক সিটির প্রথম হত্যাকাণ্ড বলে জানিয়েছে পুলিশ।
নিহত ইসা ইসাক (৫৫) একজন আফ্রিকান অভিবাসী ও পেশায় উবার চালক। বৃহস্পতিবার সকাল ৭টার আগে ব্রঙ্কসের মাউন্ট হোপ এলাকার মরিস অ্যাভিনিউতে তার গাড়ির ভেতর থেকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়।
নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্ট গাড়িতে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রথম মরদেহটি দেখতে পায়। তদন্তকারীদের ধারণা, রাতের শিফট শেষ করে বাড়ি ফেরার পথে তিনি একটি ছোটখাটো গাড়ি দুর্ঘটনার পর হামলার শিকার হন।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক ব্যক্তি গাড়ির জানালায় আঘাতের চেষ্টা করলে ইসাক সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করেন। পরে সন্দেহভাজনরা তাকে ধাওয়া করে গুলি চালায়।
ঘটনার সঙ্গে জড়িতদের এখনো গ্রেপ্তার করা হয়নি। পুলিশ সন্দেহভাজনদের শনাক্তে কাজ করছে। এদিকে, লিভারি চালকদের একটি সংগঠন হত্যাকারীদের তথ্য দিলে ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা করেছে।

