ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় নিহত বেড়ে ৮০

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৫:৩১ এএম
ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করতে যুক্তরাষ্ট্রের চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। ভেনেজুয়েলার এক উচ্চপদস্থ কর্মকর্তা এ তথ্য জানায়। নিহতদের মধ্যে সেনা সদস্যের পাশাপাশি বেসামরিক নাগরিকও রয়েছেন।

এদিকে, মাদুরোকে আটকের সময় কিউবার সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা সংস্থার ৩২ সদস্যকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র। সোমবার (৫ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে কিউবা।

কিউবা ভেনেজুয়েলার শক্তিশালী মিত্র। নিকোলাস মাদুরো ক্ষমতায় আসার পর থেকেই তার নিরাপত্তায় কিউবার সেনারা নিয়োজিত ছিলেন।

তবে যুক্তরাষ্ট্রের হামলার সময় কতজন কিউবার সেনা ও গোয়েন্দা সদস্য মাদুরোর নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তা নিশ্চিত নয়। এ ছাড়া ভেনেজুয়েলার অন্য কোথাও কিউবার সেনা নিহত হয়েছেন কি না, সেটিও নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার (৩ জানুয়ারি) রাতে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক অভিযানের সময় ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন স্থানে হামলা চালায় মার্কিন বাহিনী। বিশেষ করে দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বোমা হামলা চালায় মার্কিন বিমানবাহিনী।