ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নিরাপদ বাসভবনে মার্কিন সামরিক অভিযান ‘অপারেশন অ্যাবসলিউট রিসলভ’র সময় ৫৭ জন নিহত হওয়ার খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। গত শনিবার (৩ জানুয়ারি) এ অভিযানের মাধ্যমে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও দেশটির ‘ফার্স্ট কমব্যাটান্ট’ সিলিয়া ফ্লোরেসকে তুলে নিউইয়র্কে নিয়ে যায় মার্কিন ডেলটা ফোর্স।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ভেনেজুয়েলার ২৩ সেনা রয়েছেন। আরও রয়েছেন কিউবার ৩২ জন যোদ্ধা। এ ছাড়া বেসামরিক ২ জন নারীও নিহত হয়েছেন।
এর আগে গত শনিবার নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের অভিযানে কিউবার অনেক নাগরিক প্রাণ হারিয়েছেন। ট্রাম্প আরও বলেন, ‘মার্কিন অভিযানের সময় কিউবানরা মাদুরোকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করছিলেন, যা তাদের জন্য মোটেও ভালো সিদ্ধান্ত ছিল না।’
এদিকে নিকোলাস মাদুরো ও সিলিয়া ফ্লোরেসকে গত সোমবার স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হয়।
মাদুরো, তার স্ত্রী ও ছেলে এবং আরও তিনজনের বিরুদ্ধে ‘মাদকসন্ত্রাস’ এবং মাদক পাচার ও অস্ত্র রাখার অভিযোগ আনা হয়েছে। যদি তারা দোষী সাব্যস্ত হন, তবে তাদের আজীবন কারাদণ্ডের সাজা হতে পারে।
মাদুরো নিজেকে অপহরণের শিকার মন্তব্য করে তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন। পাশাপাশি নিজেকে ‘যুদ্ধবন্দি’ ও একজন ‘ভালো মানুষ’ হিসেবে দাবি করেছেন। বলেছেন, ‘আমি এখনো আমার দেশের প্রেসিডেন্ট।’

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন