ইরানের পূর্বাঞ্চলীয় শহর কেরমানশাহে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে বিক্ষোভকারীদের হামলায় ইসলামিক বিপ্লবী গার্ডের (আইআরজিসি) ৮ সদস্য নিহত হয়েছেন।
বিক্ষোভটি মূলত গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারে শুরু হয়, যখন ব্যবসায়ীরা রিয়ালের পতন ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দোকান বন্ধ রাখেন। এরপর খুব দ্রুত আন্দোলন দেশের অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়ে এবং সহিংসতায় রূপ নেয়।
বৃহস্পতিবার রাতে এই সহিংসতা তীব্র হয়। এদিন নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে কেরমানশাহে ৮ বিপ্লবী গার্ড নিহত হয়েছেন। তবে সেখানে কতজন বিক্ষোভকারী প্রাণ হারিয়েছেন তা এখনও জানা যায়নি।
আলজাজিরা জানিয়েছে, ১৩ দিন ধরে চলা বিক্ষোভে মোট নিহতের সংখ্যা এখন ৬২ জনে পৌঁছেছে। অন্যদিকে, একটি মানবাধিকার সংস্থা নিহতের সংখ্যা ৫২ জন হিসেবে জানিয়েছে।
সূত্র: আনাদোলু

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন