আজ রোববার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১৪৪৭ হিজরি সনের শাবান মাসের চাঁদের সন্ধান করা হবে। ওই অঞ্চলে রজবের ২৯তম দিন চলছে। শাবান মাসের ১৫তম রাতে শবেবরাত পালিত হয়। তবে আরব দেশগুলোতে দক্ষিণ এশিয়ার মতো এ রাতে কোনো বড় আয়োজন দেখা যায় না।
সংবাদমাধ্যম গালফ টুডে জানিয়েছে, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের তথ্য অনুযায়ী আজ মধ্যপ্রাচ্যের কোথাও শাবানের অর্ধচন্দ্র দেখা যাবে না। ফলে কাল সোমবার ৩০তম দিন পূর্ণ করে আগামী মঙ্গলবার আরবি বর্ষপঞ্জিকার অষ্টম মাস শুরু হবে।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মেদ শওকত ওদেহ বলেন, আজ শাবানের চাঁদ জন্ম নিলেও এটি সূর্যাস্তের আগেই অস্ত যাবে। তাই আজ কোনোভাবেই চাঁদ দেখা সম্ভব নয়। তবে কাল সোমবার খালি চোখে চাঁদ দেখা যাবে।
তিনি আরও জানান, বাংলাদেশ, পাকিস্তান, ওমান, জর্ডান, সিরিয়া, লিবিয়া, মরক্কো, মৌরিতানিয়া এবং আলবেনিয়াতেও টেলিস্কোপের মাধ্যমে কাল সোমবার শাবানের চাঁদ দেখা যেতে পারে।
যেহেতু ১৫ শাবানের রাতে শবে বরাত পালিত হয়, তাই মধ্যপ্রাচ্যে শবে বরাত হবে ৩ ফেব্রুয়ারি রাতে। বাংলাদেশে যদি কাল সোমবার শাবানের চাঁদ দেখা যায়, তবে শবে বরাতও ৩ ফেব্রুয়ারি রাতে পালিত হবে। অন্যথায়, এটি ৪ ফেব্রুয়ারি রাতে অনুষ্ঠিত হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন