আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে চলমান তুষারপাত ও ভারী বর্ষণে অন্তত ৬১ জন নিহত এবং ১১০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।
শনিবার (২৪ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএনডিএমএ) বলেছে, গত তিন দিনে তুষারপাত ও ভারী বৃষ্টিপাতে দেশজুড়ে ৬১ জন নিহত ও ১১০ জন আহত হয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তে ৪৫৮টি ঘর আংশিক অথবা পুরোপুরি ধ্বংস হয়েছে। তবে এই দুর্যোগে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
এএনডিএমএর প্রকাশিত মানচিত্র অনুযায়ী, বুধবার থেকে শুক্রবারের মধ্যে দেশটির মধ্যাঞ্চল ও উত্তরাঞ্চলের বিভিন্ন প্রদেশে হতাহতের ওই ঘটনা ঘটেছে।
ভারী তুষারপাতে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ ও রাজধানী কাবুলে গত কয়েক দিনে সড়ক দুর্ঘটনাও ঘটেছে।
দুর্বল অবকাঠামোর কারণে আফগানিস্তানের প্রত্যন্ত এলাকায় প্রায়ই প্রাণঘাতী বন্যা, ভূমিধস ও ঝড়ের কবলে ক্ষয়ক্ষতির মুখে পড়ে। দেশটিতে এই ধরনের চরম আবহাওয়া স্থানীয় বিভিন্ন জনগোষ্ঠীকে আরও বেশি অসহায় করে তোলে। সূত্র: এএফপি।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন